২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী-যশোরে দুর্ঘটনায় নিহত ৪

যশোর ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ফেনী/যশোর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। ফেনীর মুহুরীগঞ্জে সকাল ১০টায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে উঠে পড়লে ঘটনাস্থলেই সুফিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হন। দুর্ঘটনায় আহত সুফিয়ার শ্বাশুড়ি পেয়ারা বেগম (৫০), জাহাঙ্গীর (৪৫) ও শাহাবুদ্দিনকে (৫০) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হেসেন সাংবাদিকদের জানান, নিহত সুফিয়া ছাগলনাইয়ার বক্সমাহমুদ গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী। ঈদের ছুটিতে তারা কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। সুফিয়া ওই দোকানের সামনে দাঁড়ানো ছিলো বলে জানান এসআই। ফেনীর অন্য দুর্ঘটনাটি ঘটে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকায় দুপুর ১টার দিকে। সদর থানার ওসি নাজির উদ্দিন জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও টেম্পুর মধ্যে সংঘর্ষে সাইদুল হক (২৩) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত অটোরিকশা যাত্রী সাইদুল উপজেলার শিলুয়া গ্রামের হোসেন আহাম্মদের ছেলে। এসময় আহত আরো ৪/৫ জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। যশোরের দুর্ঘটনাটি ঘটে কোতোয়ালি থানায় সকাল সাড়ে ১১টার দিকে। দুর্ঘটনায় দুই চামড়া ব্যবসায়ী নিহত ও আরো অন্তত আট জন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপদিয়ার চাউলিয়ায় পিকআপ-নছিমনের মধ্যে সংঘর্ষে তারা হতাহত হন। নিহতরা হলেন- নসিমন যাত্রী চাউলিয়া গ্রামের অজিত দাস (৫০) ও ইকবাল হোসেন (৩৫)। আহত সুখলাল দাস জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় দিকে নছিমনে করে চামড়া ব্যবসায়ীরা রাজারহাটে আসছিলেন। এসময় খুলনা থেকে আসা মাছবাহী একটি পিকআপ নসিমনটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। তখন নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজিত ও ইকবাল মারা যান বলে জানান সুখলাল। কোতোয়ালি থানার ওসি ইমদাদুল শেখ জানান, আহতদের মধ্যে আট জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৪৫ ঘ.