ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শনিবার এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন পাবনা সদরে দু'দলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কুড়িপাড়া গ্রামের জনাব আলী (৪০) শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
শনিবার সকালে বাড়ির পাশে একটি বিলে তার লাশ পাওয়া যায়।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাবনা প্রতিনিধি জানান, ক্ষেতের ফসল খাওয়া নিয়ে দু'দলের সংঘর্ষে সদর উপজেলার পীরপুর গ্রামে সদর ম-ল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, কয়েকদিন আগে সদর ম-লের একটি গরু গ্রামের হানিফ আলীর ক্ষেতের ফসল খায়।
এর জেরে সকাল ৮টার দিকে এ দু'জনের কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে সদর ম-ল ঘটনাস্থলেই মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে হানিফ আলীকে আটক করা হয়েছে।
সদর ম-ল আওয়ামী লীগের স্থানীয় কর্মী ছিলেন বলে ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪২ ঘ.
bdnews24