মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার ডুবোচরে আটকে থাকা ফেরি রামশ্রী পাঁচদিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধারের পর ফেরিটি কাওড়াকান্দির উদ্দেশে রওনা হয়।
গত ২৮ অগাস্ট (রোববার) রাতে মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার সময় পাঁচ শতাধিক যাত্রীসহ ২৪টি যানবাহন নিয়ে কবুতরখোলা চ্যানেলের কাউলয়ার চরের কাছে ডুবো চরে ফেরিটি আটকে যায়।
পরদিন ট্রলার ও স্পিডবোটে যাত্রীদের সরিয়ে নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা (বিআউডব্লিউটিসি)।
বিআইডব্লউটিসি মাওয়া অফিসের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, প্রায় এক হাজার ফুট দীর্ঘ এলাকার মাটি কাটার পর উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯৭ ফেরিটির কাছাকাছি যেতে সক্ষম হয়।
এই পাঁচদিন যানবাহনগুলোর চালকসহ কয়েকজন ওই ফেরিতেই ছিলেন, বলেন তিনি।
ডুবো চরে পানি কম থাকার কারণে উদ্ধারকারী কোনো জাহাজ এতদিন ফেরিটির কাছে যেতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.
bdnews24