২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাট সরানো নিয়ে সংঘর্ষ, বোমাবাজি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি হাট স্থানান্তর করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি হাট স্থানান্তর করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ব্যাপক বোমাবাজী এবং অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি গোলাম মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট স্থানান্তরকে কেন্দ্র করে সকাল ৭টার দিকে ওই ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিজাম উদ্দীন মিন্টু ও সাবেক ইউপি সদস্য রুহুল আমীনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জনতার হাট ও সূর্যনারায়ণনপুর এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষ কমপক্ষে দুই থেকে আড়াইশ' বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় প্রায় অর্ধশতাধিক বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানান ঘটনাস্থলে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১৪ ঘ.