নড়াইল, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় দু'টি পৃথক সংঘর্ষে বুধবার দু'জন নিহত হয়েছেন।
এরা হলেন তেলকাড়া গ্রামের তুহিন শেখ (২২) এবং তেলিগাতী গ্রামের নান্নু মিয়া (৬০)।
পলাহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে তেলকাড়া গ্রামের কামাল শেখের ছেলে তুহিন শেখ নিহত হন। আহত হন অন্তত ১০ জন।
তিনি বলেন, জমিজমা নিয়ে গ্রামের কালাম শেখের সঙ্গে আমির মোল্লার বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার সকালে অমির মোল্লা ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তুহিন শেখের উপর হামলা চালালে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তুহিন শেখের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত উভয়পক্ষের অন্তত ১০ জনকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল হোসেন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকা চুরির ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে তেলিগাতী গ্রামের নান্নু মিয়া নিহত হন।
সংঘর্ষে আহত উভয়পক্ষের অন্তত ১৫ জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই জয়নাল হোসেন জানান, শরশুনা গ্রামের টিপু মুন্সীর একটি নৌকা স¤প্রতি চুরি হলে পাশের তেলিগাতী গ্রামের নান্নু মিয়াকে সন্দেহ করা হয়।
বুধবার বেলা ১০টার দিকে ঈদের নামাজের পর নান্নু মিয়ার সঙ্গে টিপুর কথাকাটি হয়। এর জেরে দুপুরে টিপুসহ তার লোকজন নান্নু মিয়ার বাড়িতে হামলা চালালে দু'পক্ষের সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24