২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গৃহবধূ খুনের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় যৌতুকের জন্য এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

শেরপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় যৌতুকের জন্য এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বাইটকামারি গরাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের পরিবার জানায়। নিহত সাজেদা বেগম (৩২) বাইটকামারি গরাকুড়া গ্রামের ফরিদ আলীর স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফরিদ আলীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সাজেদার স্বামী ফরিদ ও ভাসুর আহসান আলীকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার বরাত দিয়ে সাজেদার চাচা ফজল রহমান সাংবাদিকদের জানান, ১২ বছর আগে উপজেলার কুত্তামারা গ্রামের অফিল উদ্দিনের মেয়ে সাজেদার সঙ্গে ফরিদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা সময়ে ফরিদ স্ত্রীকে বাপের বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতো। মেয়ের সুখের কথা ভেবে সাজেদার বাবা কয়েকদফা টাকা দেন। মঙ্গলবার রাত ১০টায় আবার ফরিদ ও তার পরিবারের লোকজন যৌতুকের টাকার জন্য চাপ দিলে সাজেদা তাতে অস্বীকৃতি জানায়। ফজল আরো বলেন, এর জের ধরে ফরিদ ও তার বড়ভাই আহসান আলী সাজেদাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে তারা বিষয়টি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। নালিতাবাড়ি থানার ওসি মো. মাজহারুল করিম জানান, বুধবার সকালে ফরিদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাজেদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/সিএস/ডিডি/১৯১৭ ঘ.