হবিগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি পুকুরের দখল নিয়ে দুই গ্রামের অধিবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার কামালখানী ও মাতাপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার (উত্তর) এস এম সিরাজুল হুদা সাংবাদিকদের জানান, মাতাপুর গ্রামের পাশের খাস জমির মধ্যে একটি বড় পুকুর রয়েছে। গ্রামের আবু বকর ও হাবিবুর রহমানের লোকজন সেই পুকুরের দখল নেওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে। পাশের গ্রাম কামালপুরের কিছু লোকও পুকুরটি দখলে নেওয়ার চেষ্টা করছে।
"এর জের ধরেই বুধবার সকাল ১১টায় দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।"
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৭৩৭ ঘ.
bdnews24