২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ঈদের দিন (বুধবার) সকালে তার সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের জনগণ, কূটনীতিক, বিচারপতি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমেই সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতারা শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই সময়ের মধ্যেই তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেনসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর, বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী বিচারপতিদের জন্য নির্ধারিত আসনে বসে থাকা প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনসহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিচারপতিদের সঙ্গে প্রধানমন্ত্রী এ সময় কুশল বিনিময় করেন। এরপর, প্রধানমন্ত্রী পুনরায় অপেক্ষমাণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসা সাধারণ জনতার ঢল সামলাতে নিরাপত্তা কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে বুধবার সকালে। কে কার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তা নিয়ে সবার মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। দুস্থ নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে খুলে বলেন। অনেকে হাতে করে নিয়ে আসেন সাহায্যের জন্য আবেদনপত্র। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা শিশুদের চকলেট দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৫২৬ ঘ.