২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে উৎসবমুখর দেশ

প্রায় এক মাসের সিয়াম সাধনার পর বুধবার আনন্দ উৎসবের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করছে মুসলমানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক মাসের সিয়াম সাধনার পর বুধবার আনন্দ উৎসবের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করছে মুসলমানরা। রাজধানীতে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। তবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেন। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন। বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি করে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) উদ্যোগে এবার মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বাণী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "ঈদ অর্থ আনন্দ, খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বারতা।" "ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে স¤প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন।" প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও স¤প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাই।" তিনি বাংলাদেশ ও মুসলিম স¤প্রদায়ের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। বিরোধীদলীয় নেতা তার বাণীতে বলেন, "ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সব সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।" প্রধানমন্ত্রীর কর্মসূচি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের দিন সকালে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রথমে সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের সঙ্গে, বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিচারপতিদের সঙ্গে এবং বাংলাদেশে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির কর্মসূচি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ঈদের সকাল ১০টায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার, উচ্চ আদালতের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বিরোধীদলীয় নেতার কর্মসূচি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সকাল ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত কূটনীতিক ও দাতা দেশের প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লেডিস ক্লাবে। এরপর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। সরকারি ও বেসরকারি কর্মসূচি ঈদের দিন সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বনানী-ঢাকা গেইট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপগুলোতে (আইল্যান্ড) জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লিখিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে। এছাড়া ঈদের রাতে কিছু সরকারি ভবনে আলোকসজ্জা করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো কয়েকদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান স¤প্রচার করছে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইচসি/পিসি/এসইউএম/কিউএইচ/এএমটি/১২৫২ ঘ.