বাগেরহাট, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তলদেশ ছিদ্র হয়ে মংলা বন্দরের জেটিতে থাকা একটি পাইলট বোট মঙ্গলবার ভোরে ডুবে গেছে। জাহাজের পাইলটদের যাতায়াতে ব্যবহৃত হতো এটি।
তবে এর ফলে বন্দরে জাহাজ ভিড়তে বা ছেড়ে যেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মংলা বন্দর হারবার মাস্টার কমান্ডার এনামূল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে বন্দরের জেটিতে থাকা চালনা পাইলট-১ নামের বোটটি তলদেশ ফেটে পানিতে ডুবে যায়। এটি ৪৫ বছরের পুরানো। বোটটি জেটিতে রেখে মেরামত করা হচ্ছিল।
তিনি জানান, সারাদিন চেষ্টা করেও বোটটি পানির নিচ থেকে তোলা যায়নি। এটি ডোবার কারণে বন্দরে জাহাজ ভেড়া বা ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
আগামী দুই/তিন দিনের মধ্যে এটি তুলে ফেলা হবে বলে আশা করা যাচ্ছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০৩৩ ঘ.
bdnews24