২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুটির কান্না থামাবে কে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের বিছানায় পড়ে রয়েছে দু'সপ্তাহ বয়সী এক মেয়েশিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের বিছানায় পড়ে রয়েছে দু'সপ্তাহ বয়সী এক মেয়েশিশু। আশপাশে চিকিৎসক, সেবিকা ও অন্য মহিলারা থাকলেও এ শিশুর কান্না থামানো কিংবা তাকে দুধ খাওয়ানোর কেউ নেই। কারণ গত নয়দিন থেকে তার মা আর হাসপাতালে আসছে না। গত ১৭ অগাস্ট রাত সাড়ে ৯টার দিকে এই হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি হন ময়েটির মা রোজিনা (১৯)। এর পরপরই অস্ত্রোপাচারের মাধ্যমে মেয়েটির জন্ম হয়। সমস্যা থাকায় জন্মের পরই মেয়েটিকে হাসপাতালের নবজাতক ইউনিটের ১৮ নম্বর বিছানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রথম কয়েকদিন মা রোজিনা এসে তাকে দেখে গেলেও ২২ অগাস্ট থেকে আর আসেনি। প্রায় দুই সপ্তাহ পার হলেও শিশুটির নাম রাখা হয়নি। তাই হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা তাকে বেবি বলেই ডাকছেন। নবজাতক ইউনিটের সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, জন্মের পরপর না কাঁদায় শিশুটিকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, মেয়েটির মা'র খিঁচুনি রোগের কারণে বাচ্চার জন্মের সময় অস্ত্রোপচার করতে হয়েছে। তাই শিশুটিরও খিঁচুনি রোগ থাকার কারণে জন্মের পরপর কাঁদেনি। "নবজাতক ওয়ার্ডে ভর্তির পর মাঝেমধ্যে শিশুটির মা রোজিনা আসতো, কিন্তু ২২ অগাস্ট থেকে আর আসছে না," বলেন মোজাম্মেল হক। তিনি আরো বলেন, "কোনো নাম না রাখায় তাকে আমরা 'বেবি অব রোজিনা' বলে ডাকি।" মোজাম্মেল হক বলেন, ২২ তারিখের পর থেকে হাসপাতালে আসা অন্য এক মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছিল। কিন্তু সোমবার (২৯ অগাস্ট) ওই মা'র ছুটি হলে তিনি চলে যান। এ ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, "আমরা একটু আইনি জটিলতায় পড়েছি। এটি শেষ করে সমাজ কল্যাণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে শিশুটিকে।" শিশুটির মা'র ঠিকানা হিসেবে শুধু রোজিনা, যাত্রাবাড়ি লেখা আছে বলে জানান এই কর্মকর্তা। পরিচালক আরো বলেন, তাদের ধারণা রোজিনা পালিয়ে গেছে। গত এক বছরে এমন অন্তত পাঁচজন মহিলা হাসপাতালে শিশু রেখে পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০০০ ঘ.