চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
এ খাবারের অর্থ কারাগারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে বলে জানান জেলার রফিকুল কাদের।
রফিকুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিন সকালে বন্দিদের সেমাই ও মুড়ি খাওয়ানো হবে, সঙ্গে থাকবে জিলেপি অথবা মিষ্টি।
দুপুরের খাবারে দেওয়া হবে সাদা ভাত, রুই মাছ, আলু ও পান।
রাতের খাবারে থাকবে পোলাও, মাংস ও ডিম। মুসলমানদের জন্য গরুর মাংস এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস থাকবে। রাতের খাবারের পর মিষ্টিও দেওয়া হবে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার বন্দি রয়েছে।
ঈদের দিন বন্দিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন।
কারা কর্মকর্তা আরো জানান, চট্টগ্রাম কারাগারে ঈদে পৃথক চারটি জামাত অনুষ্ঠিত হবে। ভবনভিত্তিক এসব জামাতে বন্দিদের সঙ্গে কারা কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24