আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানায় এবার ঈদের আকর্ষণ হিসেবে থাকছে পঞ্চাশটি পাখির ছানা ও সমসংখ্যক বিভিন্ন ধরনের প্রাণীর বাচ্চা।
গত এক বছরে চিড়িয়াখানায় এসব বাচ্চার জন্ম হয়েছে। কর্তৃপক্ষ এদেরকে ঈদের অতিথি হিসেবে অভিহিত করেছে।
প্রতিবারই ঈদকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ চিড়িয়াখানায় ভিড় জমায়।
কর্তৃপক্ষ দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর জন্য বড় প্রাণীর সঙ্গে বাচ্চা প্রাণীদেরও প্রদর্শনীর ব্যবস্থা করেছে।
চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা মানছুরা হাছিন বিডিনিউজ টোয়েটিফোর ডটকমকে বলেন, "গত ঈদের পর থেকে এ ঈদ পর্যন্ত তিনটি শাখায় বিভিন্ন প্রাণীর মোট ৫০টি এবং পাখি শাখায় প্রায় ৫০টি বাচ্চার জম্ম হয়েছে।"
চিড়িয়াখানায় প্রাণী ও পাখিদের চারটি শাখা রয়েছে, এগুলো হলো- বৃহৎ প্রাণী, ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ প্রাণী, মাংসাশী প্রাণী এবং পাখি শাখা।
মনছুরা বলেন, এই অতিথিদের (বাচ্চা) প্রদর্শনীর জন্য বড় প্রাণীদের সঙ্গে রাখা হবে। দর্শকদের মধ্যে অনেকে বড় প্রাণীদের পাশাপাশি বাচ্চা প্রাণী দেখতে বেশি আগ্রহী। ইতোমধ্যে প্রায় সব বাচ্চাই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।
বৃহৎ প্রাণী শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাকিব উল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলহস্তী, ইমপালা, কমন ইলান্ড, ওয়াইল্ড বিস্ট, সাম্বার হরিণ, চিত্রা হরিণ ও গাধার মোট ২৩টি বাচ্চা হয়েছে। এগুলোকে বড় প্রাণীদের সঙ্গে প্রদর্শনীর জন্য রাখা হবে। এ শাখায় ২৪টি প্রজাতির ১৬৫টি প্রাণী রয়েছে।"
ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ শাখার কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, "বানর, সজারু, খরগোশ, অলিভ বেবুন ও অজগরের ২৬টি বাচ্চা হয়েছে। এ শাখায় ৩৩টি প্রজাতির ২৩৯টি প্রাণী রয়েছে এখানে।"
মাংসাশী শাখার কর্মকর্তা মো. গোলাম আজম বলেন, "রয়েল বেঙ্গল টাইগারের একটি বাচ্চা হয়েছে। এ শাখায় নয় প্রজাতির ৪৭টি প্রাণী আছে।"
তথ্য কর্মকর্তা এবং পাখি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মানছুরা হাছিন বলেন, "পাখির মধ্যে ময়ূরের বাচ্চাগুলোর জন্য আলাদা যতœ নেওয়ার প্রয়োজন হয়। বিশেষ করে বাচ্চারা ঠিক মতো খাচ্ছে কিনা তা দেখা হয়। এ শাখায় ৬১টি প্রজাতির এক হাজার ২১৭টি পাখি রয়েছে।"
গত এক বছরে ময়ূর, বক, পানকৌড়ি, কবতুরসহ অন্যান্য পাখির প্রায় ৫০টি বাচ্চা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এ বি এম শহিদউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদ ও পরবর্তী মোট পাঁচ দিনে অন্তত সাড়ে তিন লাখ দর্শক চিড়িয়াখানায় আসতে পারে।"
এজন্য ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। চিড়িয়াখানার নিজস্ব নিরাপত্তাকর্মী ছাড়াও পুলিশ ও র্যাবের টহল থাকবে।
টিকেটের প্রবেশ মূল্য প্রতিজন ১০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে বলে জানান তিনি।
এছাড়া দর্শকের জন্য চিড়িয়াখানার মধ্যে পর্যাপ্ত খাবার পানি ও পরিচ্ছন্ন টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে, বলেন তিনি।
পাশাপাশি ক্যান্টিনগুলোতে যাতে খাবারের দাম অতিরিক্ত না রাখা হয় তা তদারকি করবে ভ্রাম্যমাণ একটি দল।
১৯৬১ সালে পুরান ঢাকায় চিড়িয়াখানাটি স্থাপিত হয়। পরে ১৯৭৪ সালে এটি মিরপুরে স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/সিএস/ডিডি/২২৫৬ ঘ.
bdnews24