গাজীপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
এসময় তারা প্রায় আধাঘণ্টা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখে। ফলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
কোনাবাড়ির মোয়াজ্জেম নিটিং অ্যান্ড ডায়িং কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কারাখানর শ্রমিকদের রোববার জুন ও জুলাই মাসের বকেয়া এবং অগাস্ট মাসের বেতনসহ ঈদ বোনাস দেওয়ার কথা ছিলো।
কিন্তু সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করেও শ্রমিকরা বেতন বা বোনাস না পেয়ে প্রথমে কারখানার ভিতরে বিক্ষোভ করে। পরে দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় রাস্তার উভয়পাশে যানজটের সৃষ্টি হয় বলে জানান মোবারক হোসেন।
পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের কারখানার ভেতরে নিয়ে যায়।
বিকাল সাড়ে ৩টায় এই পুলিশ কর্মকর্তা জানান, তখনো শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করছিলো। ওই সময় পুলিশ তাদের ঘিরে রাখে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন জানান, কারখানায় কর্তৃপক্ষের কেউ নেই। তবে মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে।
মালিক বেতনের টাকা নিয়ে আসছেন বলে পুলিশকে জানিয়েছেন, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24