হবিগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাছ ধরা নিয়ে দু'দলের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
গহরপুর (দুধচাতল) গ্রামে সোমবার দুপুরে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ছনর মিয়া (৩০), আমিনুল ইসলাম (৩২), মনর মিয়া (২৬), মনির মিয়া (২৬), সেজু মিয়া (২২), আলমগীর হোসেন (২৭) ও খসরু মিয়াকে (৫৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আরো ১৮ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে গ্রামের খালে মাছ ধরা নিয়ে হাবিবুর রহমানের (৩০) সঙ্গে শেফু মিয়ার (২৮) কথা কাটাকাটি হয়।
এর জেরে দুপুর ১টায় দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের লোকজন লাটিসোটা ও ফিকল ব্যবহার করে।
নবীগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, পুলিশ গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৩ ঘ.
bdnews24