সিরাজগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের চোখ এড়িয়ে পলাতক এক আসামি সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহতের নাম নূরুল ইসলাম। চৌহালী উপজেলার খাসকাউলিয়া এলাকার এই ব্যক্তি একটি মামলায় তিন বছর কারাদণ্ডাদেশ নিয়ে পালিয়ে ছিলেন বলে পুলিশ জানায়।
সোমবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন নূরুল। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মটর চাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার পরিদর্শক সৈয়দ শহিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নূরুল মটর সাইকেলে চড়ে সিরাজগঞ্জ আসছিলো। কোনাগাতী সেতুর কাছে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এটি খাদে পড়ে যায়।
নূরুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগে চৌহালী থানায় আরো দুটি মামলা রয়েছে বলেও জানান শহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24