২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ কিডনি ব্যবসার দায়ে তিনজন গ্রেপ্তার

অবৈধভাবে কিডনি কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

জয়পুরহাট, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে কিডনি কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- কালাই উপজেলার বহুতি গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুস সাত্তার (৩৮), গোলাম মওলার ছেলে গোলাম মোস্তফা (৪০) ও বোরহান উদ্দিনের ছেলে ফোরকান উদ্দিন ওরফে আব্দুল করিম (৩৯)। এদের রোববার রাতে উপজেলার বহুতি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তারা এ পর্যন্ত ৪২ জনের কিডনি কিনেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। কালাই থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকার অভাবি মানুষদের ফুসলিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করতো। গ্রামের দরিদ্র মানুষ কিডনির কার্যকারিতা না বুঝেই অভাবের তাড়নায় বিক্রি করে দিতো দেহের গুরুত্বপূর্ণ অঙ্গটি।" এ ঘটনায় সোমবার বিকালে থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি। ওই চক্রের প্ররোচনায় কিডনি বিক্রি করেছেন এমন কয়েকজন হলেন- কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বৈড়াগীপাড়ার আফজাল হোসেন ও সেকেন্দার আলি, সাঁতার গ্রামের সৈয়দ আলী, ভেরেন্ডি গ্রামের জাহা আলম ও মেহেরুল এবং বহুতি গ্রামের শুকুর আলী। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভাবের তাড়নায় কিডনি বিক্রি করেছেন। তবে কত টাকায় কিডনি বিক্রি করেছেন- এমন প্রশ্নের জবাবে তারা কোনো কথা বলতে চাননি। কেউ এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তির চাপে ছিলেন, কেউবা চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কেউ জুয়া ও মাদকের নেশায় দেউলিয়া। এই সুযোগকেই কাজে লাগায় দালালচক্র। স্থানীয়রা জানান, কিডনি বিক্রি করে এরা ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পেতেন। কালাই থানার ওসি জানান, কিডনি বিক্রির অধিকাংশ টাকাই দালালরা নিয়ে যেত। কিডনিদাতা বড়জোর ৬০ থেকে ৭০ হাজার টাকা পেতেন আর দালালরা পেতো প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিএস/পিডি/১৯১৮ ঘ.