গাজীপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পপ্রধান জেলা গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন। অনেক মানুষের ভিড়, সবারই লক্ষ্য ট্রেনে ওঠা, গন্তব্য বাড়ি।
ঈদের এ সময়টাতে আগেভাগে টিকিট না করা নিু আয়ের মানুষজনকে ট্রেনের ছাদে চড়ে রওনা হতে দেখা যায় সব সময়, যদিও তা অবৈধ। প্রচণ্ড ভিড়ের মধ্যে ছাদে উঠতেও হাঁসফাঁস অবস্থা। আর এর মধ্যেই সুযোগ সন্ধানী এক দল লোক মই নিয়ে ফেঁদেছে নতুন ধরনের ব্যবসা।
রোববার শ্রীপুর রেল স্টেশনে গিয়ে স্টেশন সংলগ্ন এলাকার বেশ কয়েকজন মানুষকে মই হাতে ঘুরতে দেখা যায়। ছাদে যাত্রীদের উঠতে সহায়তা করছিলেন তারা।
কোনো যাত্রী বললেই মই লেগে যাচ্ছে ছাদ পর্যন্ত। অল্প আয়াসে ওঠা যাচ্ছে সেই মই বেয়ে। বয়স্ক লোকজন এবং নারী ও শিশুদের মই বেয়ে উঠতে বেশি দেখা গেলো।
নতুন এ চিত্র দেখে কাছে গিয়ে জানা যায়, ছাদে ওঠার জন্য মইধারী এ সব ব্যক্তি যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা করে নিচ্ছেন।
এক জন মই ধারী জানালেন, যাদের টিকিট আছে তাদের কাছ থেকে ৫ টাকা এবং যাদের টিকিট নাই তাদের কাছ থেকে ১০ টাকা করে নিচ্ছেন তারা।
তবে টিকিটধারী যাত্রীর সংখ্যা কম বলে দাবি করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি।
মই বেয়ে ওঠার এ ধরনের ঘটনা আগে কখনোই দেখা যায়নি বলে জানালেন রেল স্টেশন মাস্টার হারুন অর রশীদ।
তবে তিনি একইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের কাজের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।
অনুমতি না দেওয়ার পরও কীভাবে ঘটছে- জানতে চাওয়া হলে রেল কর্মকর্তারা বলেন, ছাদে ভ্রমণেরই তো অনুমতি নেই। কিন্তু এত মানুষকে কীভাবে বাধা দেবো?
অন্যদিকে ছাদে উঠতে মই পেয়ে কষ্ট কমায় সন্তোষ প্রকাশ করলেন কয়েকজন যাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০৫ ঘ.
bdnews24