মৌলভীবাজার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দু'দলের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হন তিনজন।
রোববার রাতে মহলাল বাজারে এ সংঘর্ষে নিহত আব্দুর রউফ ওরফে দুধ মিয়ার (৬০) বাড়ি উপজেলার মহলাল গ্রামে।
আহত আশ্রাকাপন গ্রামের সাজ্জাদুর রহমান কোরায়শী (৪৫), তার ভাই রাসেল আহমদ কোরায়শী (২৭) ও মহলাল গ্রামের সেলিম আহমদকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মহলাল বাজার কমিটির সভাপতি গুলু মিয়ার সঙ্গে পাওনা টাকা নিয়ে আশ্রাকাপন গ্রামের সেলিমের কথা কাটাকাটি হয়।
এর জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দুধ মিয়াকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.
bdnews24