২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বহুগুণে বাড়বে: চিদাম্বরাম

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আগামী দিনগুলোতে বহুগুণে বাড়বে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বলেছেন, পণ্য পরিবহণ সুবিধার্থে সীমান্ত সংলগ্ন অবকাঠামো উন্নয়ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নয়া দিল্লি, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আগামী দিনগুলোতে বহুগুণে বাড়বে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম বলেছেন, পণ্য পরিবহণ সুবিধার্থে সীমান্ত সংলগ্ন অবকাঠামো উন্নয়ন করা হবে। শনবিার বেনাপোল বন্দরের ওপারে পেট্রাপোলে ইনটিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) ভিত্তি প্রস্তর স্থাপন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। চিদাম্বরাম বলেন, "১০ হাজার কোটি রুপির পণ্য লেনদেনের জন্য সহায়ক অবকাঠামোই আমাদের নেই। আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্যে এ ১০ হাজার কোটি ২০ হাজার, ৫০ হাজার বা এক লাখ কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে। তাই আমাদের অবকাঠামো বাড়াতে হবে এবং আমরা এ দরকারি কাজটিই করছি।" অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। সাহারা খাতুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা স্মরণ করে বলেন, "ভারতের কথা ভাবলেই ইন্দিরা গান্ধীর অবদানের কথা মনে পড়ে। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার যেভাবে আমাদের সহায়তা করেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে তা আমরা কখনো ভুলবো না।" তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশে একটি পরিচিত নাম এবং 'সবাই তাকে ভালোবাসে।' ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় মমতা বন্দোপাধ্যায়সহ বাংলাদেশের নিকটবর্তী ভারতের পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশে আসবেন। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে মনমোহনের ঢাকা আসার কথা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে চিদাম্বরাম বলেন, "মমতা বন্দোপাধ্যায়সহ সীমান্তবর্তী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী তার সফরসঙ্গী হওয়ায় এ সফর হবে ঐতিহাসিক।" ওই পাঁচ মুখ্যমন্ত্রী মধ্যে আসামের তরুন গোগোই এবং মেঘালয়ের মুুকুল সাংমাও আছেন। মমতা বন্দোপাধ্যায় বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কোন্নয়নে আমরা ঢাকা যাচ্ছি। আমরা দুদেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করতে চাই।" চিদাম্বরাম বলেন, মনমোহনের ঢাকা সফর দুদেশের মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদদের ভারত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জানিয়ে চিদাম্বরাম বলেন, "বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং আমরা এজন্য গর্ব বোধ করি।" চিদাম্বরাম বলেন, যাত্রী ও মালামাল পরিবহনের জন্য বাংলাদেশ-ভারত সীমান্তে আধুনিক ইন্টিগ্রেটেড চেক পোস্ট খুবই দরকারি। "এখন ভারত থেকে প্রচুর জিনিস বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে প্রচুর জিনিস ভারতে আসে। ভারত চায় বাংলাদেশ থেকে শুধু ইলিশ মাছ নয়, আরো অনেক জিনিস আসুক।" ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা চাই ভিসা নিয়ে ভারত থেকে হাজার হাজার মানুষ বাংলাদেশে ঘুরতে যাক এবং বাংলাদেশ থেকে হাজারো মানুষ ভারতে আসুক। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। আমরা এখন মনে করছি, যাত্রী, ট্রাক, ট্রাক চালক, কার্গো, কনটেইনার-এ সব কিছুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন।" তিনি জানান, পেট্রাপোলের এ আইসিপি নির্মাণ কাজ আগামী ১৭ মাসের মধ্যে শেষ হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি রুপি। ২০১৩ সালের জানুয়ারি নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জিএনএ/১৯৩৫ ঘ.