ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চাভিলাষী না হয়ে, নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে সহযোগী সংগঠন ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, "নিজে কী পেলাম- সেটা বড় কথা নয়। দেশকে কতটুকু দিতে পারলাম- সেটাই বড়।"
'শোকের মাস অগাস্ট' উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, "আমার ব্যক্তিগত উচ্চাভিলাষ নেই। উচ্চাভিলাষ থাকলে অনেক কম্প্রোমাইজ করতে পারতাম। আমরা বাবা কোনো দিন কম্প্রোমাইজ করেননি। আমাদের একটাই লক্ষ্য, সেটা হলো জনগণের উন্নয়ন।"
দেশের জনগণকে এই অনুষ্ঠান থেকেই ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
১৯৭৫ এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা স্মরণ করে আবেগরূদ্ধ কণ্ঠে শেখ হাসিনা বলেন, "মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে বাইরে গেলাম। সবাইকে রেখে গেলাম। একদিন শুনলাম আমাদের কেউ নেই। এরপর, জিয়াউর রহমান আমাদের দীর্ঘ দিন দেশে ফিরতে দেয়নি।"
ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবন এবং টুঙ্গীপাড়ায় তার গ্রামের বাড়ি দীর্ঘ দিন 'সিল' করে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, "আমার অন্তঃস্বত্ত্বা চাচীকে বের করে দিয়ে তার খুলনার বাড়িও সিল করে দেওয়া হয়। আমরা ফুফুকে তিন মাস হাউজ অ্যারেস্ট করে রেখেছিলো। ছোট ছোট সন্তানদের সামনে শেখ মনি ও তার স্ত্রীকে হত্যা করে ঘাতকরা।
"৩২ নম্বর বাড়ির একটি প্রাণীও বাঁচেনি। সবশেষে আমার ছোট ভাই রাসেলকে মায়ের লাশের পাশে হত্যা করা হয়।"
ক্ষুব্ধ কণ্ঠে শেখ হাসিনা বলেন, "হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয় জিয়াউর রহমান। লিবিয়ায় কারা এই খুনীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলো, আমরা তাদেরও চিনি।"
বঙ্গবন্ধুর খুনীদের 'ক্ষমা করে দেওয়ার' জন্য ১৯৯৬ সালে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি কোরআনের আয়াত সম্বলিত একটি চিঠি দিয়েছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, "আমি ওই চিঠির জবাবে লিখেছিলাম- মেয়ে হয়ে বাবার হত্যার বিচার না করা হবে অপরাধ।"
"সেই গাদ্দাফিরও পতন হয়েছে," যোগ করেন প্রধানমন্ত্রী।
পঁচাত্তরের পর ক্ষমতায় আসা সবাই বঙ্গবন্ধুর খুনীদের প্রশ্রয় দিয়েছে- এমন অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "এই এরশাদ সাহেবও কম যান নাই- ফারুককে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে, রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন।"
১৯৮৭ সালে এইচ এম এরশাদ সরকারের সময় ফ্রিডম পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী সৈয়দ ফারুক রহমান। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে গত বছর ২৮ জানুয়ারি আরো চার আসামির সঙ্গে ফারুকের ফাঁসি কার্যকর করা হয়।
বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলো- তারা ক্ষমতা পাকাপোক্ত করতে একটি 'এলিট শ্রেণী' সৃষ্টি করেছিলো বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক 'তদবিরকারী' নিয়োগের জন্য এক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে অভিযোগ করে অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারাকাত বলেন, "মৌলবাদীরা দেশের ১১টি সেক্টরে বিনিয়োগ করছে। দেশের নয়টি বড় সেক্টর থেকে তাদের বাৎসরিক মুনাফা ১৫০০ কোটি টাকা।"
বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের 'রাষ্ট্রীয় দর্শন' ধ্বংস করেছিলেন বলে অভিযোগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম।
তিনি বলেন, "বাহাত্তরে একটি আধুনিক সংবিধান পাওয়ার পর তখন যে বাম নেতা, দল ও গোষ্ঠী সমালোচনা করেছিলো, তাদের নেতৃত্বে একটি দল এখন বিএনপিতে গিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করছে।"
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. হামিদা বানু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ অগাস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে ছাত্রলীগের প্রকাশনা 'মাতৃভূমির' মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮৪৩ ঘ.
bdnews24