নাটোর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফের ২৫ বস্তা চাল আত্মসাতের অভিযোগে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে চেয়ারম্যান মো. ইয়াছিন আলীকে দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের গুদাম থেকে গ্রেপ্তার করা হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, "ইয়াছিন গুদাম থেকে চাল সরিয়ে নিয়েছেন গোপনে এ খবর পেয়ে সকালে তাকে সঙ্গে নিয়ে গুদামে যাই। সেখানে রাখা ২৫২ চালের মধ্যে ২৫ বস্তা কম পাওয়া যায়। ওই চালের হিসাব দিতে ব্যর্থ হওয়ায় তাৎক্ষণিকভাবে ইয়াছিনকে আটক করে থানায় নেওয়া হয়।"
পরে উপজেলা প্রকল্প কর্মকর্তা আশরাফুজ্জামান বাদি হয়ে ইয়াছিনসহ দুই সদস্য বাবলু ও জহিরুল ইসলামের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। এই মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখানো হয়।
লালপুর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে শনিবার এক হাজার ২৬১ জন দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও প্রশাসন তা স্থগিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫০৮ ঘ.
bdnews24