ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় দুই দফা জানাজার পর আইনজীবী এম ইউ আহম্মেদের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরের উদ্দেশে রওনা হয়েছেন স্বজনরা।
সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্তের পর হাইকোর্ট প্রাঙ্গণে এই আইনজীবীর প্রথম জানাজা হয়। এরপর লাশ নিয়ে যাওয়া হয় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।
দুপুর আড়াইটার পর স্বজনরা তার কফিন নিয়ে বগুড়ার শেরপুরের উদ্দেশে রওনা হন। এম ইউ আহম্মেদের ভাগ্নে আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শেরপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
হাইকোর্টে হট্টগোলের মামলার আসামি বিএনপি সমর্থক আইনজীবী মমতাজউদ্দিন (এম ইউ) আহম্মেদ শুক্রবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশি নির্যাতনই তার মৃত্যুর কারণ বলে পরিবার ও বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
পরিবারের ইচ্ছায় শুক্রবার লাশের ময়না তদন্ত হয়নি। লাশ স্কয়ার হাসপাতাল থেকে নেওয়া হয় বারডেমে। শনিবার সকালে হাইকোর্ট এলাকায় তার জানাজার প্রস্তুতি ছিলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির।
কিন্তু শনিবার ভোররাতে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়। তবে বিএনপি সমর্থক আইনজীবীরা বলেছেন, পরিবারকে না জানিয়েই লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
ময়না তদন্তের পর বেলা পৌনে ১২টার দিকে লাশ হাইকোর্ট এলাকায় নিয়ে যাওয়া হয় আহম্মেদের লাশ। সেখানে তার জানাজায় প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল বিভাগের কয়েকজন বিচারকও অংশ নেন।
জানাজা শেষে লাশ নিয়ে বিএনপি সমর্থক আইনজীবীরা রওনা হয় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের দিকে। পথে কাকরাইলে প্রধান বিচারপতির বাড়ির সামনে লাশ রেখে ১০ মিনিটের বেশি সময় অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার মৃত্যুর পর পরিবারের আপত্তিতে ময়না তদন্ত হয়নি। তবে রাতে আহম্মেদের স্ত্রী সেলিনা আহম্মেদ থানায় একটি অভিযোগ করায় পুলিশ ময়না তদন্তের সিদ্ধান্ত নেয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার কৃষ্ণপদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু থানায় একটি অভিযোগ করা হয়েছে, তাই লাশের ময়না তদন্ত করতে হবে।"
পরিবারকে না জানিয়ে ময়না তদন্তের এ সিদ্ধান্তে সকালে হাইকোর্ট এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে বিএনপি সমর্থক আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, "নির্যাতনের চিহ্ন গোপন করতেই গোপনে ময়না তদন্ত করেছে পুলিশ। আর সে জন্যই এম ইউ আহম্মেদের পরিবারকে কিছু জানানো হয়নি।"
রমনা থানায় করা অভিযোগে সেলিনা আহম্মেদ বলেন, "ষড়যন্ত্রের কারণে ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি দল আমার স্বামীকে ধরে নিয়ে যায়। আমাদের ধারণা, ধরে নিয়ে যাওয়ার পর তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এ কারণেই তার মৃত্যু হয়।"
সেলিনা আহম্মেদ স্বামীর মৃত্যুর জন্য ছয় জনকে দায়ী করেছেন। তারা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ, গোয়েন্দা পুলিশের উপ কমিশনার ও শাহবাগ থানার ওসি রেজাউল করিম।
আদালতে হট্টগোলের মামলায় গত ১১ অগাস্ট সেগুন বাগিচার বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন এম ইউ আহম্মেদ। গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও পুলিশ বলে আসছে, তার হার্ট অ্যাটাক হয়েছিলো।
জামিন পাওয়ার পর আহম্মেদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে।
আহম্মেদের মৃত্যুর কারণ পুলিশি নির্যাতন- এ অভিযোগ তুলে বিএনপি শনিবার এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে। এ মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএন/জেকে/১৫৪২ ঘ.
bdnews24