২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডাকাতি করে কোটিপতি হওয়া সহজ'

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার জলদস্যু বাহিনীর প্রধান সাংবাদিকদের বলেছেন, ধনী হওয়ার সহজ উপায় হিসেবে মাছ ধরার পরিবর্তে দল গঠন করে ট্রলার নিয়ে ডাকাতি করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

বরগুনা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার জলদস্যু বাহিনীর প্রধান সাংবাদিকদের বলেছেন, ধনী হওয়ার সহজ উপায় হিসেবে মাছ ধরার পরিবর্তে দল গঠন করে ট্রলার নিয়ে ডাকাতি করেন তিনি। ঈদের আগে সাগরে জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ায় শনিবার ভোররাতে র‌্যাব অভিযান চালিয়ে ১১ জন জলদস্যুকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৮ এর পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ নূর-উজ-জামান সাংবাদিকদের বলেন, "রাত ৪টার দিকে বিপুল পরিমান অস্ত্রসহ ১১ জলদস্যু একটি ট্রলার নিয়ে ডাকাতির উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হচ্ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে পাথরঘাটা লঞ্চঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জলদস্যু সর্দার পাথরঘাটার পদ্মা গ্রামের মনির হোসেন (২২), কোড়ালিয়া গ্রামের কাওসার দালাল (২৭), পশ্চিম পদ্মা গ্রামের নুর জামাল হাওলাদার (২০), হাড়িটানা গ্রামের কামাল খা (২৩), পশ্চিম চর লাঠিমারা গ্রামের সোহাগ মোল্লা (২১), উত্তর গহরপুর গ্রামের আবদুর রাজ্জাক (২২), পূর্ব পদ্মা গ্রামের শাহিন ফকির (২২), বড়ইতলা গ্রামের আবদুর রহিম (২৭), পশ্চিম বাদুরতলা গ্রামের আবদুল জলিল প্যাদা (২০), পূর্ব বাদুরতলা গ্রামের মনির হোসেন খা (২২) ও কোড়ালিয়া গ্রামের বেল¬াল হোসেন সর্দার (২৫)। জলদস্যু সর্দার মনির নিজের উদ্যোগে বাহিনী গঠন করে জলদস্যুতা চালানোর কথা স্বীকার করেন। এ পথ বেছে নেওয়ার কারণ কী- জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, "মাছ ধরার চেয়ে ডাকাতি করে অল্প সময়ে কোটিপতি হওয়া যায় বলে জলদস্যুতা শুরু করেছি।" বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে জেলে ট্রলারে ডাকাতির জন্য বঙ্গোপসাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথাও জানান মনির। র‌্যাব জানিয়েছে, মনির বাহিনীর কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ছাড়াও গুলি ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৫ ঘ.