ঠাকুরগাঁও, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা কথা বললে আয়ু ক্ষয়ে যায়- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রধানমন্ত্রীর এ বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন এ বিএনপি নেতা।
সংসদে বৃহস্পতিবার দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার ঠাকুরগাঁওয়ে এক সভায় ফখরুল বলেন, "প্রধানমন্ত্রী আমার মৃত্যু কামনা করায় দুঃখ পাইনি, তবে আশা ভঙ্গ হয়েছে। কারো ইচ্ছা অনিচ্ছায় কারো আয়ু কমবে না বা বাড়বে না। মানুষের হায়াত আল্লাহর হাতে, হাসিনার হাতে নয়।"
শেখ হাসিনা বলেছিলেন, "মির্জা ফখরুল ইসলামকে একটু সাবধান করতে চাই, এত মিথ্যা কথা বললে আয়ু ক্ষয় হয়ে যায়।"
"আমি মিথ্যা বলছি কি না, দেশের মানুষ ভালো করেই জানে", বলেন ফখরুল।
নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে দুপুরে বিএনপির এক কর্মিসভায় বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে আইনের শাসন নেই, আওয়ামী লীগের লোকেরা দেশটা 'দখল' করে নিয়েছে।
২১ অগাস্ট মামলায় তারেক রহমানকে আসামি করার সমালোচনা করে ফখরুল বলেন, তাকে নির্বাচন করতে না দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24