ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময়ে গত আড়াই বছরে পৌনে পাঁচ হাজার কোটি টাকার চাল আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় সাংসদ জয়নাল আবদিনের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই সময়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ১৩ লাখ ১৫ হাজার ২২৩ টন চাল আমদানি করা হয়েছে। এ জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ৭৭৩ কোটি ৯ লাখ ৮৪ হাজার টাকা।
এর মধ্যে গত অর্থবছরেই আমদানি করা হয় সাড়ে ১২ লাখ টনেরও বেশি চাল।
মো. শহীদুজ্জামান সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, গত অর্থবছরে ২০ লাখ ৪১ হাজার ৫৯৯ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে ১২ লাখ ৬৪ হাজার ৪১৬ টন চাল এবং ৭ লাখ ৭৭ হাজার ১৮৩ টন গম।
বীজ ও আলু সংরক্ষণের জন্য ১০টি হিমাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ২০১৩ সাল নাগাদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
তিনি জানান, বর্তমানে বিএডিসির অধীনে ১৯টি হিমাগার রয়েছে।
আর কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দেশে বেসরকারি হিমাগারের সংখ্যা ৩৫১টি।
আনোয়ার হোসেনের এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক জানান, দুর্যোগ পুনর্বাসনে দেশের ৪৩টি জেলার ১৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
মন্ত্রী বলেন, "দেশে কোনো দুর্যোগ দেখা দিলে সরকারের একার পক্ষে তা মোকাবিলা করা সম্ভব নয়। সেজন্য জনগণকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবেলার উদ্যোগ নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/জেকে/০১৫১ ঘ.
bdnews24