২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতির ২১ মামলা

বিড়ির ব্যান্ডরোল ব্যবহার না করা এবং রাজস্ব ফাঁকির অভিযোগে রংপুরে ১৪ বিড়ি কোম্পানির মালিক ও সাবেক চার ডাকঘর কর্মকর্তার বিরুদ্ধে ২১টি দুর্নীতি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

রংপুর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিড়ির ব্যান্ডরোল ব্যবহার না করা এবং রাজস্ব ফাঁকির অভিযোগে রংপুরে ১৪ বিড়ি কোম্পানির মালিক ও সাবেক চার ডাকঘর কর্মকর্তার বিরুদ্ধে ২১টি দুর্নীতি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর অফিসের সহকারী পরিচালক আব্দুস সালাম বুধবার গভীর রাতে কোতোয়ালি থানায় এসব মামলা করেন। আসামিরা হলেন- মতি বিড়ির মালিক মাহমুদার রহমান, সুমন বিড়ির মহিতুল ইসলাম, মেনাজ বিড়ির মেনাজ উদ্দিন, দোয়ানী চাষী বিড়ির দেলোয়ার হোসেন, জাকির বিড়ির জাকির হোসেন, মটর বিড়ির মোফাজ্জল হোসেন, গফুর বিড়ির নাজির হোসেন, হেনা বিড়ির মতিয়ার রহমান, রাজা বিড়ির রাজা মিয়া, লাঙ্গল বিড়ির মশিউর রহমান, কারিগর বিড়ির আচ্ছা মিয়া, আনছার বিড়ির সাবেক জাপা এমপি শাহ আলম, হালিম বিড়ির আব্দুল হালিম, মধু বিড়ির ইকবাল হোসেন এবং সোনাঠী বিড়ির জিল্লুর রহমান। এছাড়া রংপুর প্রধান ডাকঘরের সাবেক প্রধান আব্দুল মান্নান, ট্রেজারার নুরুল ইসলাম, সহকারী পোস্ট মাস্টার আজাহার আলী এবং পোস্টাল অপারেটর ধীরেন্দ্র নাথ রায়কে ২১টি মামলাতেই আসামি করা হয়েছে। রংপুর দুদকের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, বিড়ি কোম্পানির মালিক ও ডাকঘরের কর্মকর্তা ২০০১-২০০২ সালে বিড়ির ব্যান্ড রোল ব্যবহারের ক্ষেত্রে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় এক কোটি ২১ লাখ ৭৪ হাজার তিনশ' টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। এ সময় বিড়িতে সরকার নির্ধারিত কোনো ব্যান্ড রোল ব্যবহার করেনি বিড়ি কোম্পানির মালিকরা। এ ঘটনায় আরো পাঁচটি বিড়ি কোম্পানির মালিক জড়িত ছিলো কিন্তু মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, মামলাটি দুদক তদন্ত করবে। তাদের নির্দেশনা অনুযায়ীই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৭ ঘ.