ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ ও কুমিল্লায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শুভেচ্ছা জানানোর আড়ালে প্রচার চালানো মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "ঈদ উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা রঙ-বেরঙের পোস্টার ছেপে জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানানোর কৌশলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কেউ অভিযোগ করলে এবং যদি তিনি মনোনয়ন জমা দেন তাহলে তা বাতিল করা হবে।"
গত মাসে কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন করা হয়। সিটি করপোরেশন গঠনের ছয় মাস বা ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
সাখাওয়াত হোসেন বলেন, "অভিযোগ না পেলেও সমস্যা নেই। আমাদের মনিটরিং টিম মাঠে কাজ করছে। জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানানোকারীদের মধ্যে যারা প্রার্থী হবেন, তাদের নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে এ প্রচার খরচও হিসাব করা হবে।"
কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কিছু ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৫৪ ঘ.
bdnews24