২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত কর্মচারীকে পেটালো উপজেলা চেয়ারম্যান

মামলার কাগজপত্র পেতে দেরি হওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস আদালতের এক তৃতীয় শ্রেণীর কর্মচারীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আজাদ অভিযোগ অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার কাগজপত্র পেতে দেরি হওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস আদালতের এক তৃতীয় শ্রেণীর কর্মচারীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আজাদ অভিযোগ অস্বীকার করেছেন। নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে আদালতের কর্মচারী তারিকুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণেই তার ওপর হামলা হয়। তিনি বলেন, একটি মামলার নকল ওঠানোর জন্য সকাল ১১টায় তার কাছে আসেন আজাদ। কিন্তু ওই মুহূর্তে মামলার অনুলিপি লিপিবদ্ধ ও স্বাক্ষর না হওয়ায় সময় চান তিনি। তখন তাকে গালাগাল করে চলে যান আজাদ। "আধঘণ্টা পর তিনি (আজাদ) আবার এসে মামলার কপি চান। তখনো স্বাক্ষর হয়নি জানালে তিনি উত্তেজিত হয়ে স্বাক্ষর এনে দিতে বলেন। ম্যাজিস্ট্রেট এজলাসে থাকায় এ মুহূর্তে সম্ভব নয় জানালে তিনি উত্তেজিত হয়ে আমার ওপর চড়াও হন এবং এলোপাথাড়ি ঘুষি ও লাথি মারতে থাকেন", বলেন তারিকুল। তিনি জানান, এ ঘটনায় আদালতের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা জেলা আইনজীবী সমিতির সভাপতির কাছে বিচার চেয়ে অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে জেলা ও দায়রা জজকে। জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান আজাদ বিশ্বাস মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, "মামলার নকলের কপি নিয়ে আমার জুনিয়রের সঙ্গে তরিকুলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। আমি পরে তাদেরকে মিলিয়ে দিয়েছি।" "বিরোধী দলের দেখে আমার বিরুদ্ধে এসব মিথ্যা রটানো হচ্ছে", দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০১০ ঘ.