টাঙ্গাইল, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিবারের এক সদস্যের ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই শিশুসহ ছয় জন। গুরুতর অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার ওসি মো. ইউসুছ আলী মিয়া আহতদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরেই জয়েন উদ্দিন মুন্সীর দুই ছেলে আব্দুস সালাম (৫০) ও রহমত উল্লাহ'র মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সন্ধ্যায় সালাম পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করতে বসেছিলেন। এসময় রহমত তাদের ওপর অ্যাসিড ছুড়ে মারে।
আশপাশের লোকজন এসে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সালাম (৫০), তার পুত্রবধূ সোহানা বেগম (২৫) এবং দুই মাস বয়সী নাতনী তানজিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।
সালামের স্ত্রী আলেয়া বেগম (৪৫), ছেলে মো. আলাউদ্দিন (৩৫) ও অন্য নাতনী দৃষ্টি (৮) টাঙ্গাইল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
মো. আলাউদ্দিন তার চাচা রহমতকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে একটি মামলা করেন। রহমত পলাতক রয়েছে বলে জানান ওসি।
বল্লা ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মাহমুদ পাকির আলী জানান, বসত ভিটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিলো। এ নিয়ে সালিশও বসানো হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24