ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে যাত্রী ও গাড়ি পারাপারের সুবিধার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বহরে যুক্ত হচ্ছে আরো দুটি নতুন ফেরি। এ ছাড়া মেরামতের পর ফিরিয়ে আনা হচ্ছে তিনটি।
এ ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ঈদে যাত্রী ও পণ্য পরিবহনের সমস্যার কথা ভেবে আগেই কয়েকটি ফেরি মেরামতে পাঠানো হয়। এগুলো ফিরিয়ে আনা হচ্ছে।
একই সঙ্গে দুটি ফেরি যোগ হলে মাওয়া-কাওড়াকান্দি রুটে এবার পারাপারে দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলেই আশা করছেন তিনি।
নতুন ফেরিগুলো শুক্রবার থেকে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে চলাচল করবে। এ নিয়ে বিআইডব্লিউটিসির মোট ফেরির সংখ্যা দাঁড়ালো ৪০-এ।
ফেরি দুটির নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন ও এমভি কাবেরি। এর মধ্যে প্রথমটি রো রো ফেরি এবং অপরটি টাইপ ফেরি। রো রো ফেরিটি ওয়েস্টার্ন মেরিন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং টাইপ ফেরিটি কর্ণফুলী শিপইয়ার্ড তৈরি করেছে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই প্রথমবারের মতো বাংলাদেশে ফেরি তৈরি হলো।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান, রো রো ফেরিটি তৈরিতে ব্যয় হয়েছে ২৪ কোটি ৮৮ লাখ টাকা। আট কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হয়েছে টাইপ ফেরিটি তৈরিতে।
বর্তমানে মাওয়া-কাওড়াকান্দি রুটে চলাচলরত মোট ফেরির সংখ্যা ১৪টি। এরমধ্যে তিনটি রো রো ফেরি। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া চলাচল করছে নয়টি ফেরি, যার আটটিই রো রো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৩৩ ঘ.
bdnews24