২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টায়ই শেষ ৩০ অগাস্টের ট্রেন টিকিট

ঈদের আগে ৩০ অগাস্ট ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট মাত্র চার ঘণ্টায়ই শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে ৩০ অগাস্ট ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট মাত্র চার ঘণ্টায়ই শেষ হয়েছে। গত ২১ অগাস্ট ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বৃহস্পতিবার ছিলো ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন। এদিন শুধু ৩০ অগাস্টের টিকেট বিক্রি করা হয়। সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত বিক্রির কথা থাকলেও দুপুর ১টার মধ্যেই নির্ধারিত সব টিকিট শেষ হয়ে যায়। তবে বিক্রি শেষ হলেও তখনো টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। একপর্যায়ে তারা হৈ চৈ শুরু করলে কমলাপুর স্টেশনে দায়িত্বরত আনসার ও র‌্যাব সদস্যরা তাদের থামায়। মোহাম্মদপুর থেকে আসা রওশন আরা (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামের চারটি টিকিটের জন্যে ভোররাতে সেহরি খেয়ে এসে এখানে দাঁড়িয়েছি। স্বামী অসুস্থ, তাকে নিয়ে তো এ খারাপ রাস্তায় ১২/১৬ ঘণ্টা জার্নি করে যেতে পারবো না। কিন্তু টিকিট পেলাম না। এবারের ঈদে বাড়ি যেতে পারবো বলে তো মনে হচ্ছে না।" তবে তিনটি টিকিট কিনতে পেরে হাসিমুখে বের হয়ে এলেন ইকবার হাসান। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার সময় এসে লাইনে বসেছেন। এখানেই কলা পাউরুটি দিয়ে সেহরি খেয়েছেন। দুপুর পৌনে ১টার সময় টিকেট নিয়ে বেরিয়ে আসেন ইকবার। রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, অতিরিক্ত ট্রেন ও বগিসহ অগ্রিম বিক্রির সব টিকেটই বিক্রি হয়ে গেছে। তবে ৩০ আগস্ট পর্যন্ত চলতি টিকিট যে কেউ কিনতে পারবেন। তিনি বলেন, "পাঁচ দিনে প্রায় ৭০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এছাড়া কিছু রানিং টিকিট রয়েছে।" যাত্রার দিনে ট্রেনের স্বল্প সংখ্যক টিকিট বিক্রির জন্য রাখা হয়, যাকে রানিং টিকিট বলে। সড়ক যোগাযোগের অবস্থা খারাপ থাকায় এ বছর রেলওয়ের ওপর অতিরিক্ত যাত্রীর চাপ পড়েছে। নাজমুল বলেন, প্রতিদিন ১৫ হাজার ৭৩৫ জন যাত্রী বহনের ক্ষমতা থাকলেও সড়ক যোগাযোগের দুরবস্থার কারণে এবার রেলের ওপর বাড়তি চাপ পড়ছে। অতিরিক্ত চাপ সামলাতে নিয়মিত ২৭৮টি ট্রেনের বাইরে আরো ১৪টি ট্রেন ও ১০৭টি অতিরিক্ত বগি সংযুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭৫৫ ঘ.