নরসিংদী/ঝিনাইদহ/কুমিল্লা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটো রিকশার সংঘর্ষে নিহত হয়েছে তিন জন। কুমিল্লায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছে নানা-নাতনি। এছাড়া ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে এক জন মারা গেছে।
নরসিংদীর দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ঘোড়াশাল সড়কের ভাটপাড়া এলাকায়।
নরসিংদী সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশাচালক এবং এক আরোহী ঘটনাস্থলে মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
অটো রিকশা চালকের নাম মিন্টু মিয়া (৩৫)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে এক জন মহিলা রয়েছেন।
কুমিল্লার দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় লাকসাম উপজেলায়।
মহাসড়ক পুলিশের লাকসাম ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, লাকসামের কাপাসতলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক পথচারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নানা দুলা মিয়া (৬০) এবং নাতি রুমানা আক্তার (৯) নিহত হয়। আহত হয় অপর পথচারী রোকসানা (১২)। রোকাসানাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই জানান, হতাহতদের বাড়ি কাপাসতলাতেই।
ঝিনাইদহের দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ পশু হাসপাতালের সামনে।
নিহত শিপন (২৫) বাসের হেলপার। তার বাড়ি যশোরের চৌগাছায়। দুর্ঘটনায় আহত চার জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং এক জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি এসএম ফারুক হোসেন জানান, চিত্রা পরিবহনের একটি বাস ঢাকা থেকে যশোরের চৌগাছা যাচ্ছিলো। কালীগঞ্জ পশু হাসপাতালের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়।
বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে শিপন ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/সিএস/১২৫০ ঘ.
bdnews24