২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষুদ্রঋণ কার্যক্রমে তদারকি বাড়াতে হবে'

দারিদ্র্য নিরসনের কথা বলে চালানো ক্ষুদ্রঋণ কার্যক্রমের ওপর তদারকি বাড়াতে বুধবার ঢাকায় এক আলোচনা সভায় জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ আলোচকরা। ক্ষুদ্র ঋণের সুদের হার নিয়ন্ত্রণের পক্ষেও মত দিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য নিরসনের কথা বলে চালানো ক্ষুদ্রঋণ কার্যক্রমের ওপর তদারকি বাড়াতে বুধবার ঢাকায় এক আলোচনা সভায় জোর দিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ আলোচকরা। ক্ষুদ্র ঋণের সুদের হার নিয়ন্ত্রণের পক্ষেও মত দিয়েছেন তারা। বুধবার ওই আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, "মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মনিটরিং অনেক বেশি ইফেকটিভ করতে হবে। বিশেষ করে এনজিওগুলো কীভাবে ব্যবসা করছে, তার ওপর জোর দেওয়াটা জরুরি।" ক্ষুদ্রঋণে সুদের হার অতিরিক্ত বলে মনে করছেন তিনি। রাজ্জাক বলেন, "ইদানিং প্রান্তিক পর্যায়ে ছাতার মতো গজিয়ে ওঠা মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করে। তারা মূলত এটা ব্যবসায়িক ভিত্তিতে চালায়। কোথাও কোথাও এ সুদের হার ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশেও দাঁড়ায়।" পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ইনস্টিটিউট অফ মাইক্রোফিন্যান্স (আইএনএম) 'গ্রামীণ বাংলাদেশে সম্পদ সংগ্রহ ও দারিদ্র্যের গতিপ্রকৃতি : ক্ষুদ্রঋণের ভূমিকা' শীর্ষক ওই আলোচনা সভা আয়োজন করে। ক্ষুদ্রঋণের সুদের উচ্চহার প্রসঙ্গে পিকেএসএফ-এর সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, "যারা ঋণগ্রহীতা তারা নিজেরাও জানে না, আসলে সুদের হার কত। যেহেতু কিস্তিতে ৪৬ সপ্তাহে টাকাটা পরিশোধ করতে হয়, তাই ফ্ল্যাট রেট ২০ শতাংশ হলেও সেটা ৪৫ থেকে ৪৬ শতাংশে গিয়ে দাঁড়ায়।" ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের দাবি এনজিওগুলো করে এলেও কয়েক দিন আগে প্রকাশিত ব্রিটিশ সরকারের এক আন্তর্জাতিক সমীক্ষায় বলা হয়, দারিদ্র্য দূর করা ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের ইতিবাচক ভূমিকা নেই এবং ক্ষুদ্রঋণ নিয়ে যে গল্পগাথা তৈরি হয়েছে তার ভিত্তি ক্ষমতাশালী ক্ষুদ্রঋণ শিল্পের প্রচার করা 'বিচ্ছিন্ন কিছু কাহিনী'। আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ক্ষুদ্রঋণের ইতিবাচক দিক তুলে ধরে বলেন, "দারিদ্র্য নিরসনে ক্ষুদ্রঋণের ভূমিকা পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবে না। বিশেষ করে উপজেলাগুলোয় দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্রঋণের ভূমিকা ব্যাপক।" তবে তিনিও ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নজরদারির জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। আলোচনা সভার মূল প্রবন্ধে আইএনএম এর ভিজিটিং ফেলো এবং যুক্তরাজ্যের অলস্টার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতি বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী 'গ্রামীণ বাংলাদেশের দারিদ্র্যের গতিপ্রকৃতি' শীর্ষক গবেষণায় প্রাপ্ত ফলাফল তুলে ধরেন। ৬৩ জেলার ৬ হাজার ৫০০ ক্ষুদ্রঋণগ্রহীতার ওপর গবেষণা চালান তিনি। অধ্যাপক ওসমানী বলেন, "ক্ষুদ্রঋণ সম্পদ ক্রমধারায় দরিদ্রদের পতনের সম্ভাবনাকে ৭ শতাংশ হ্রাস করে এবং উত্থানের সম্ভাবনাকে ৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করে।" ক্ষুদ্রঋণে সুদের হার নিয়ে তৃণমূলে অসন্তোষ খুব একটা পাননি তিনি। ওসমানী বলেন, "যে সব ঋণগ্রহীতা ঋণগ্রহন বন্ধ করে দিয়েছেন, তাদের মধ্যে মাত্র ২ শতাংশ উচ্চ সুদের হারকে দায়ী করেছেন। আর যারা কখনো ঋণ নেননি, তাদের মধ্যে উচ্চ মাত্রার সুদকে দায়ী করার হার মাত্র ৩ শতাংশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২১৩৫ ঘ.