বরগুনা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের ভেদরখালি এলাকা থেকে মঙ্গলবার রাতে ২৩ ট্রলারে ডাকাতি করে জলদস্যুরা ২৬ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
ট্রলার মালিক ও জেলেরা জানিয়েছে, ঈদ বোনাসের জন্য জলদস্যুরা এই অপহরণ করেছে। তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, অপহৃত জেলেদের উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে বলে উদ্ধার পাওয়া জেলেরা জানিয়েছে। বুধবার সকালে এসব জেলে বরগুনার পাথরঘাটায় ফিরে আসে।
ঘটনাস্থল পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্ব দক্ষিণে বলে তারা জানিয়েছে।
জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদকে সামনে রেখে বোনাস হিসাবে প্রত্যেক জেলের মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা করে দাবি করেছে জলদস্যুরা।
"মঙ্গলবার বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে জেলেরা রাতে সুন্দরবনের ভেদারখালি খালে অবস্থান করছিলো। রাত ৮টার দিকে বাঘা ও রাজু বাহিনীর ২৫/৩০ জলদস্যু অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে এলোপাথারি মারপিট এবং লুটতরাজ চালায়। তারা বিভিন্ন ট্রলার থেকে ২৬ জনকে ধরে নিয়ে যায়", বলেন তিনি।
নগদ টাকা, ট্রলারের যন্ত্রাংশ, মাছ, জালসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান মান্নান।
ডাকাতির সময় ২০/২৫ জন জেলে সাগরে লাফিয়ে পরে পাশের জঙ্গলে গিয়ে আত্মরক্ষা করে। বুধবার সকালে তাদেরকে উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসা হয় বলে জানান মান্নান মাঝি।
ট্রলার মালিক আলাউদ্দিন মিয়া জানান, মঙ্গলবার রাতে জলদস্যুরা প্রথমে বাগেরহাট জেলার রায়েন্দা উপজেলার এফবি কালাম মোল্ল¬া নামে ট্রলারে ডাকাতি করে। পরে অন্য ট্রলারে ডাকাতরা হানা দেয়।
কোস্টগার্ড কচিখালী ক্যাম্পের কর্মকর্তা জসীম উদ্দীন ট্রলার ডাকাতি ও অপহরণের কথা স্বীকার করেছেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কমান্ডার মোহাম্মদ হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে কোস্টগার্ড, পুলিশ, বন বিভাগ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছে।
অপহৃত ট্রলারের মধ্যে পাথরঘাটার এফবি মায়ের দোয়া, এফবি আল্ল¬¬ারদান, এফবি মেহেদী, এফবি সাগর সৈকত, এফবি কালাম মোল্ল¬া, এফবি অলি-২, এফবি অলি-৪, এফবি নাজমা, এফবি জহির, এফবি মনোয়ারা, এফবি মাহাবুব, বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের এফবি জলদাশ, এফবি আল্ল¬ারদান-২, এফবি সোহাগ, এফবি ওমর ফারুকের নাম জানা গেছে বলে জানান জেলে ও ট্রলার মালিকরা।
তারা অপহৃত জেলেদের মধ্যেÑ পাথরঘাটার ইদ্রিস, মনির হোসেন, আলী হোসেন, আবদুল হক, আবুল কালাম, জহির উদ্দিন, আবদুল খালেক, শাহজাহান, আবু হানিফ, আবদুর রহমান, জুয়েল, বরগুনার নিশানবাড়িয়ার সোহরাব হোসেন, মোস্তফা ঘরামী, আবদুল জলিল ও দুলালের নাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫২০ ঘ.
bdnews24