২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে জমাতে হবে বৃষ্টির পানি

ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বৃষ্টির পানি ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এ জন্য ভবনের নকশার বিধিমালায়ও পরিবর্তন আসছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

বৃষ্টির পানি ধরে রাখার জন্য মহানগরের ভবনগুলোর নকশায় 'রেইন ওয়াটার হার্ভেস্টিং অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং'-এর বিশেষ ব্যবস্থা রেখে ২০০৮ সালে প্রণীত ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় সংশোধন আনা হচ্ছে বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (পরিকল্পনা) প্রকৌশলী শেখ আবদুল মান্নান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের শেষ নাগাদ বিধিমালাটি সংশোধিত হলে ২০১২ সাল থেকে তা সব ভবনের নকশায় কার্যকর করতে হবে।

"নতুন ভবন নির্মাণ নকশায় সংযোজন করা হবে বৃষ্টির পানি ছাদের ওপর অথবা গ্রাউন্ডে ধরে রাখার টেকসই রিজার্ভারের নকশা। মাটিতে পানির স্তর ধরে রাখার জন্যই রাজউকের এ উদ্যোগ", বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার সংসদে জানান, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগামী ১০ বছরের মধ্যে বৃষ্টি ও জলাশয় থেকে ঢাকার চাহিদার ৭০ শতাংশ পানি সংগ্রহের লক্ষ্যে কাজ চলছে।

প্রকৌশলী মান্নান জানান, ঢাকায় পানির মোট চাহিদার ৮৭ শতাংশ আসে ভূগর্ভস্থ উৎস থেকে, ১৩ শতাংশ বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার ভূ-উপরিস্থ উৎস থেকে।

বর্তমানে এ দুই নদীর পানি শোধনের পরও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, বলেন তিনি।

যুগ্মসচিব পদ মর্যাদার রাজউক সদস্য মান্নান জানান, চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা বাড়ছে। ফলে প্রতি বছর পানির স্তর নামছে ২-৩ মিটার (৮/১০ ফুট) করে, সেই সঙ্গে আশঙ্কা বাড়ছে ভূধসের। এ অবস্থায় এ নির্ভরশীলতা কমাতেই ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে।

স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান প্রকৌশলী আহসানুল হক খান জানান, বিশ্বের অনেক দেশই বৃষ্টির পানি বিশেষ পদ্ধতিতে মাটিতে পাঠানোর মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর ধরে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশেও পদ্ধতিটি জরুরি হয়ে পড়েছে।

এ পদ্ধতি স্থাপনের দিক বিশ্লেষন করে তিনি বলেন, "ভবনের নিচে অথবা ছাদে টেকইস রিজার্ভার স্থাপন করতে হবে। বৃষ্টির পানি ধরে রেখে দু'ভাবে তা ব্যবহার করা যাবে। গোসল, ধোয়া-মোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা যাবে এ পানি। অন্যদিকে জমিয়ে রাখা পানির একটি অংশ পাইপের মাধ্যমে মাটির গভীর স্তরে পাঠিয়ে দেওয়া হবে।"

ভারতের আহমেদবাদসহ ইউরোপের অনেক দেশে এর সফলতা রয়েছে জানিয়ে বাংলাদেশও এক্ষেত্রে একটি মডেল হতে পারে বলে মনে করেন এ প্রকৌশলী।

গত এপ্রিল ও জুন মাসে চার সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের আহমেদাবাদ ও সুইডেনে এ বিষয়ে কর্মশালাও করে এসেছে বলে জানান তিনি।

কর্মশালার অভিজ্ঞতার আলোকে আহসানুল বলেন, বৃষ্টির পানির সাহায্যে ভূগর্ভস্থ পানির স্তর পূরণ করার জন্য একটি পাইপ মাটির নিচে এমনভাবে বসাতে হবে যাতে পাইপের প্রান্ত ভূগর্ভস্থ বালুর স্তরে গিয়ে শেষ হয়। কারণ বালু দ্রুত পানি শোষণ করে নিতে পারে।

"কাজটা কঠিন নয়। এ কাজের জন্য বিশ্বের উন্নত দেশগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে", বলেন আহসানুল।

ইমারত বিধিমালায় রেইন ওয়াটার হার্ভেস্টিং ধারা সংযোজনের বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে আলোচনাও শুরু করেছে রাজউক।

রাজউক সদস্য প্রকৌশলী মান্নান বলেন, বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব ও ইনস্টিটিউট অব আর্কিটেকচারের নেতাদের সঙ্গে কথা হয়েছে। দুটি সংগঠনই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছে। কয়েকটি ভবনে ইতোমধ্যে এ নকশা চালুও করেছে তারা ।

তিনি বলেন, "নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে নতুন এ ধারাটি। পাশাপাশি সংশোধিত নতুন আইনের মধ্যেমে পুরনো ভবন মালিকদেরও বৃষ্টির পানি ধরে রাখতে উদ্বুদ্ধ করা হবে।"

প্রথমদিকে ঢাকা শহরের এ ব্যবস্থা বাধ্যতামূলক করার পর পর্যায়ক্রমে দেশের অন্য শহরেও তা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে রাজউক কর্মকর্তারা জানান।