টাঙ্গাইল, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহর থেকে ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে শহরের আকুরটাকুর পাড়া ও তারটিয়া বাসস্ট্যান্ডে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হয়েছেন সালমান ওরফে সোলায়মান ওরফে কামাল (৩৬), তার স্ত্রী নার্গিস আক্তার ওরফে সোমা (২৫), মো. ডানো (২৫), জাহিদ (৩০), রিমন (২৫) ও জাহাঙ্গীর হোসেন (২৪)।
পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের জানান, সোমবার রাত আড়াইটার দিকে শহরের আকুরটাকুর আবহাওয়া অফিসের কাছে একটি বাসা থেকে সালমান, নার্গিস ও মো. ডানোকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা ও ২১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারটিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় জাহিদ, রফিকুল ও জাহাঙ্গীর হোসেনকে। তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস
bdnews24