ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময়ে শিগগিরই একটি সমঝোতা চুক্তি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।
মঙ্গলবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় বিমসটেকভুক্ত দেশগুলোর জ্বালানি খাত বিষয়ক টাস্কফোর্সের দুই দিনব্যাপী সভার উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আবুল কালাম আজাদ বলেন, "বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য এ সভা হচ্ছে। শিগগিরই এ স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করছি আমরা।"
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিকেল অ্যাণ্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো-বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যাণ্ড, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।
"সভার সিদ্ধান্ত বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে," বলেন সচিব।
এই চুক্তি হলে বিমসটেকের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় করতে পারবে বলে জানান তিনি।
বাংলাদেশ ইতোমধ্যে ভারত ও মিয়ানমার থেকে বিদ্যুৎ কেনার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এতে সবাই উপকৃত হবে।"
বিমসটেকভুক্ত দেশগুলোর বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ১৭ জন প্রতিনিধি এই সভায় অংশ নিচ্ছেন।
এর আগে ২০০৬ সালের মার্চে থাইল্যাণ্ডে প্রথম এবং একই বছরের অক্টোবরে ভুটানের থিম্পুতে টাস্কফোর্সের দ্বিতীয় সভা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএম/জেকে/২১৩৬ ঘ.
bdnews24