২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক মেরামতে বিদেশি ঋণ চান যোগাযোগমন্ত্রী

বেহাল মহাসড়কে দুর্ভোগের জন্য সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অর্থমন্ত্রী রাজি থাকলে বিদেশি ঋণের টাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন করতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল মহাসড়কে দুর্ভোগের জন্য সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, অর্থমন্ত্রী রাজি থাকলে বিদেশি ঋণের টাকায় রাস্তা-ঘাটের উন্নয়ন করতে চান তিনি। মঙ্গলবার সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুর হক চুন্নুর এক নোটিশের জবাবে আবুল হোসেন বলেন, "সড়ক-মহাসড়কের দুর্দশার জন্য মন্ত্রী হিসাবে আমি দুঃখিত। তবে আমার সীমাবদ্ধতার কথা সবাইকে বুঝতে হবে।" সরকারের ভেতরে-বাইরে যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠার পর গত শনিবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের মেরামত কাজ পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। ওইদিন তিনি অর্থ সঙ্কটের জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করেন। তবে যোগাযোগমন্ত্রীর এ দাবি নাকচ করে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলছেন, তদারকির অভাবেই মহাসড়ক বেহাল। মঙ্গলবার সংসদে উত্থাপিত নোটিশে মুজিবুল হক চুন্নু বলেন, সারা দেশে সড়ক-মহাসড়কের অবস্থা করুণ। পরিবহন মালিকরা প্রায় ১০/১২ দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখায় প্রায় আট জেলার মানুষ অনেকটাই বন্দি অবস্থায় দিন যাপন করেছেন। "আজ সারাদেশের মানুষ আতঙ্কিত- ঈদ পালনে তারা গ্রামের বাড়িতে যেতে পারবেন কী না। সরকারের এক মন্ত্রী বলেন কম খান, আরেক মন্ত্রী বলেন বাজারে একদিন কম যান। অবশ্য যোগাযোগ মন্ত্রী এখনো ঈদে বাড়ি যেতে নিষেধ করেননি। এ জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।" জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, ঈদের আগেই সব রাস্তার পরিপূর্ণ সংস্কার করতে না পারলেও যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে। "এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই," আশ্বাস দেন আবুল হোসেন। অর্থ সংকটের কারণে এতোদিন সড়ক-মহাসড়কগুলো ঠিকমত সংস্কার করা সম্ভব হয়নি দাবি করে আবুল হোসেন সংসদকে বলেন, "তবে গত ১৭ অগাস্ট অর্থ মন্ত্রণালয় থেকে রাস্তা সংস্কারে ৬৯০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে।" সংস্কার কাজে দেরির জন্য বৃষ্টিকেও দূষেছেন মন্ত্রী। তিনি বলেন, "গত এপ্রিল মাস থেকে সারাদেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে গত ১৫ বছরেও তা হয়নি।" অবশ্য ঢাকা-জয়দেবপুর মহাসড়কের সংস্কার কাজ যে গতিতে এগুচ্ছে তাতে মেরামত শেষ হতে 'খুব বেশি' সময় লাগবে না বলেও উল্লেখ করেন তিনি। এক সম্পূরক প্রশ্নে মুজিবুল হক চুন্নু বলেন, "আমরা জানি যোগাযোগ মন্ত্রীর সঙ্গে বিদেশি দাতা সংস্থাগুলোর ভাল সম্পর্ক রয়েছে। তিনি বিদেশ থেকে অর্থ সাহায্য এনে পদ্মা সেতু, বড় বড় ব্রিজ-কালভার্ট এবং উড়াল সেতু ও এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন। তাহলে সড়ক মেরামতে বিদেশ থেকে অর্থ আনছেন না কেন?" জবাবে যোগাযোগমন্ত্রী জানান, সড়ক-মহাসড়কগুলো মেরামত করতে এ বছর প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকার প্রয়োজন। "অর্থমন্ত্রী যদি রাজি হন, তবে আমরা এ টাকা দাতা সংস্থার কাছ থেকে সংগ্রহ করতে পারব। আর এটা আনা সম্ভব হলে সারাদেশের রাস্তা-ঘাটের আমূল পরিবর্তন করা সম্ভব হবে," যোগ করেন তিনি। সড়ক ব্যবস্থা নিয়ে ব্যাপক অসন্তোষের মধ্যে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে তিরস্কার করেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/২০১৫ ঘ.