ঝিনাইদহ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রের ভয় দেখিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাঁচা মরিচ ও শিম ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে বড়দাহ গ্রামে কুমার নদীর সেতুর উপর এই ছিনতাই হয়।
দহকোলা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী গোলাম নবী সাংবাদিকদের জানান, উপজেলার মদনডাঙ্গা সবজি বাজার থেকে একশ' ৭০ টাকা কেজি দরে ৮৬৫ কেজি কাঁচা মরিচ ও ৯৫ টাকা দরে ৪০০ কেজি শিম কিনে আলমসাধুতে (ইঞ্জিনচালিত যানবাহন) করে ঝিনাইদহ নিয়ে যাচ্ছিলেন।
দুপুর দেড়টার দিকে বড়দাহ সেতুর উপর ১০-১২ দুর্বৃত্ত তাদের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে সব কাঁচা মরিচ ও শিম নিয়ে যায়।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24