ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর কোন আইন ও ক্ষমতায় সংসদ সদস্য পদে বহাল রয়েছেন- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
চাঁদপুর-১ আসনের পাঁচ ভোটারের এক রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়।
মহীউদ্দীন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি।
বিগত নির্বাচনে তার নির্বাচনী আসন চাঁদপুর-১ এর পরাজিত প্রার্থী বিএনপি নেতা আ ন ম এহছানুল হক মিলনের করা অপর রিট আবেদনে আরেকটি রুল জারি করেছে একই বেঞ্চ। ওই নির্বাচনে মিলনকে কেন বিজয়ী ঘোষণা করা হবে না- আদালত তা জানাতে বলেছে এই রুলে।
জাতীয় সংসদের স্পিকার, সংসদ সচিবালয়ের সচিব, মহীউদ্দীন খান আলমগীরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম মনির। সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতহার হোসেন সাজু।
একটি দুর্নীতি মামলায় আদালত ১৩ বছরের কারাদণ্ড দেওয়ায় ২০০৮ সালের নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করলেও তা সরসরি খারিজ হয়ে যায়।
পরে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এই আদেশ স্থগিত করে নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়। একই সঙ্গে তাদের নিয়মিত আপিল করার নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে নির্বাচনে মহিউদ্দিন খান আলমগীর নির্বাচিত হওয়ার পর ২০১০ সালের ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তার মনোনয়নপত্র এবং নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে। এর ভিত্তিতে প্রকাশিত গেজেটে মহীউদ্দীনের সদস্যপদ খালি ঘোষণা করা হয়। হাইকোর্ট ওই গেজেট অবৈধ ঘোষণা করলে মহীউদ্দীন একটি রিভিউ আবেদন করেন। পরে উচ্চ আদালত ওই দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিলে মহিউদ্দিন খান আলমগীরের সংসদ সদস্য পদ বহাল থাকে।
এস এম মনির হোসেন সাংবাদিকদের বলেন, "ওই রায়ের পরও সুপ্রিম কোর্টের রায় বহাল আছে। এ কারণে আমরা হাইকোর্টে এই রিট আবেদন করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭৫৮ ঘ.
bdnews24