২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরা ইছামতীতে বান

অনেক টাকা খরচ করে খননে যে ইছামতীতে প্রাণ ফেরানো যায়নি, সে ইছামতীতে বান এনেছে চোরের দল, যারা কিনা চুরি করেছে স্লুইচ গেটের দরজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 09:43 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

পাবনা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক টাকা খরচ করে খননে যে ইছামতীতে প্রাণ ফেরানো যায়নি, সে ইছামতীতে বান এনেছে চোরের দল, যারা কিনা চুরি করেছে স্লুইচ গেটের দরজা। কয়েকদিন আগে চোরেরা নদী মুখে স্লুইচ গেটের দরজা চুরি করে নিয়ে যায়। আর তাতেই মরা গাঙে বান ডাকে। আগের রাতে যারা মরা ইছামতী দেখে ঘুমোতে গিয়েছিলেন, পরদিন ভোরে দেখেন কানায় কানায় পূর্ণ নদী। কয়েক দশক পর ভরা ইছামতী দেখে আনন্দিত স্থানীয় লোকজন। অনেকে নদীর জলে স্নান করছেন, ঘুরে বেড়াচ্ছেন নৌকা করে। পাবনা শহরের সিঙ্গা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, "শুক্রবার ঘুম থেকে জেগে দেখি ইছামতী নদী পানিতে ভরা। মনে হল যেন স্বপ্ন দেখছি। ৪০ বছর পর নদী 'খেল' দেখালো।" পাবনা শহরের প্রবীণ দন্ত চিকিৎসক আনসারুল ইসলাম বলেন, "ইছামতী নদীতে স্রোত কল্পনা হয়ে গিয়েছিলো। জীবনে আবার কোনো দিন ইছামতীতে এত পানি দেখবো তা ভাবিনি। ভালো লাগছে নদীতে পানি দেখে।" তিনি জানান, পঞ্চাশের দশকে এখানকার বড় ব্রিজ এলাকা থেকে বরিশাল পর্যন্ত লঞ্চ সার্ভিস ছিলো। পাবনা আদর্শ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী রাজিয়া সুলতানা জানান, তার জীবনে ইছামতীতে এত পানি সে কখনো দেখেনি। পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরসাধুপাড়ায় ইছামতির প্রবেশ মুখের স্লুইচ গেটের দরজা গায়েব হয়ে যাওয়ায় প্রবল বেগে পানি ঢুকছে নদীতে। নদীতে পানি প্রবাহ বাড়ায় স্রোতের সৃষ্টি হয়েছে। স্লুইচ গেট খোলা থাকায় এবং টানা বর্ষণে পদ্মায় পানির স্তর উঁচু থাকায় ইছামতীতে পানি আসছে।" তবে স্লুইচ গেটের দরজা আবার লাগানো হলে এ পানি বা স্রোত কোনোটাই থাকবে না বলে জানান তিনি। এলাকাবাসী বলছে, তারা আর স্লুইচ গেটের দরজা চায় না। ইছামতীতে পানি দেখতে চায়। ইছামতী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠে পাবনার বিখ্যাত হোসিয়ারি শিল্প। এ নদীকে কেন্দ্র করে রচিত হয়েছে নানা সাহিত্য। ১৯৭২ সালে ইছামতীর মুখে স্লুইচ গেট দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। ক্রমে ক্রমে পদ্মা নদীতে চর পরায় নদীর উৎস মুখ এক সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পাবনা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতী মরা নদীতে পরিণত হয়। পরে নদীটি দখল হতে থাকে প্রভাবশালীদের হাতে। গত ৪০ বছরে ইছামতী নদী খননে পানি উন্নয়ন বোর্ড, পাবনা পৌরসভা, গণস্বাস্থ্য কেন্দ্র প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু তাতে কাজ কিছুই হয়নি। নদী ফিরে পায়নি তার গতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪০ ঘ.