ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাজীপাড়ায় অর্থের বিনিময়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে মারতে গিয়ে তার প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে ছুরিকাহত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে আনন্দ টিম্বার কমপ্লেক্সের ব্যবস্থাপক শিব শংকর দত্তকে ছুরিকাঘাতের পর স্থানীয়রা পদার্থ বিদ্যা বিভাগের øাতকোত্তর পর্বের ছাত্র আব্দুর রাজ্জাককে হাতেনাতে ধরে পুলিশে তুলে দেয়।
ছুরিকাঘাতে আহত শিব শংকর দত্ত (৫৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মিরপুর থানার ওসি ওয়াজেদ মিয়া মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনন্দ টিম্বারের কর্মচারী হেলালউদ্দিন সরকার বাদি হয়ে ওই ঘটনায় একটি মামলা করেছেন। এতে রাজ্জাকসহ তিন জনকে আসামি করা হয়েছে।
রাজ্জাক পুলিশকে জানায়, রাজু নামের এক ব্যক্তি আনন্দ টিম্বার কমপ্লেক্সের মালিক রেজাউল হক ভূঁইয়া বাহারকে মারার জন্য ছবি এবং ১ হাজার টাকা দিয়ে তাকে পাঠায়। এছাড়া ছুরি কেনার জন্য দেওয়া হয় আরো ১৬০ টাকা।
মামলার আসামির তালিকায় রাজুর নামও রয়েছে, যদিও তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়া টিংকু নামে এক জনকে আসামি করা হয়েছে, যার মাধ্যমে রাজুর সঙ্গে পরিচয় হওয়ার কথা রাজ্জাক জানায়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ৯৪ নম্বর ওয়ার্ডের (তবে এলাকাটি সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড) সভাপতি বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে কেউ তার ওপর হামলার জন্য রাজ্জাককে পাঠানোর এ পরিকল্পনা করে থাকতে পারে।
ওসি জানান, রাত সাড়ে ৮টার দিকে কাজীপাড়ায় আনন্দ টিম্বার কমপ্লেক্সের সামনে শিব শংকরকে ছুরি মারে রাজ্জাক। পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে ছুরিসহ ধরে ফেলে। এরপর পিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা।
শিব শংকরের ছেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী বার্তা সম্পাদক পলাশ দত্ত জানান, তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তিনি পেটের ডান দিকে, বুকের বাম দিকে এবং ডান হাতে আঘাত পেয়েছেন। তবে অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৩৭ ঘ.
bdnews24