মাদারীপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালিশে নির্যাতনের পর মাদারীপুরে মাদ্রাসাছাত্রী শিরিন আক্তারের (১৫) আত্মহত্যার ঘটনায় প্রধান সালিশকারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
প্রধান সালিশকারী দুধখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহসিন বেপারীকে জিজ্ঞাসাবাদে পুলিশের দুই দিনের আবেদনে রোববার বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক মাসুদ পারভেজ এক দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
প্রতিবেশী শাহ আলমের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে শুক্রবার গ্রামের কয়েক মাতবর শিরিনের বিরুদ্ধে সালিশ বসায়। মহসিন বেপারী, আক্কাস বেপারী, আক্কাস চৌকিদার, রশিদ আকনসহ গ্রামের মাতবররা সালিশে শিরিনকে দোষী সাব্যস্ত করে। এরপর শাহ আলমের পা ধরে ক্ষমা চাইতে শিরিনকে বাধ্য করা হয়। শিরিনের গায়েও হাত তোলে মাতবররা।
সালিসের পর কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে সে। শিরিন বড়াইলবাড়ী দাখিল মাদ্রাসার দশম শ্রেণীতে পড়তেন।
এ ঘটনায় শনিবার রাতে সালিশকারী সাত জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওইদিন রাতেই গ্রেপ্তার করা হয় মহসিনকে।
এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের দুটি প্রতিনিধিদল সোমবার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে শিরিনের বাড়ি ও বড়াইলবাড়ী দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।
তারা শিরিনের পরিবার, গ্রামবাসী, মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধি দলের সদস্য আইনজীবী এ বি এম জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, শিরিনের মামলায় তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে।
এর আগে সালিশে সমাজচ্যুত করায় ১৫ অগাস্ট চার সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন হবিগঞ্জের ফেরদৌসী বেগম। এতে তিনি এবং দুই সন্তান মারা যান।
রংপুরের বদরগঞ্জে সালিশের মাধ্যমে গৃহবধূ নির্যাতনে জড়িত থাকার ঘটনায় গত ৩১ জুলাই হাইকোর্ট বলেছে, এ ধরনের সালিশ-ব্যবসা অবশ্যই বন্ধ করতে হবে। গ্রাম্য সালিশ বন্ধ করতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
হাইকোর্টের ওই আদেশের ১৫ দিনের মাথায় হবিগঞ্জের ঘটনা ঘটে। হবিগঞ্জের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে হাইকোর্ট পরদিনই প্রশ্ন তোলে; সালিশকারীসহ স্থানীয় তিন পুলিশ কর্মকর্তাকে তলব করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯০০ ঘ.
bdnews24