২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর বিরুদ্ধে খবর, পত্রিকা বিক্রিতে বাধা, গ্রেপ্তার ১

মানিকগঞ্জের দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেনকে 'ঘাতক' বলায় এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সোমবার বগুড়া ও মাদারীপুরে সংবাদপত্র কেড়ে নিয়েছে পরিবহন শ্রমিকরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের দুর্ঘটনায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেনকে 'ঘাতক' বলায় এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সোমবার বগুড়া ও মাদারীপুরে সংবাদপত্র কেড়ে নিয়েছে পরিবহন শ্রমিকরা। অনেক স্থানে গাড়িতে তুলতে দেওয়া হয়নি সংবাদপত্র। ফলে এদিন মাদারীপুর ও উত্তরাঞ্চলের কয়েক লাখ গ্রাহক সংবাদপত্র পাননি। স্থানীয় শ্রমিক নেতারা বলছেন, কেন্দ্রের নির্দেশেই তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। এ ঘটনায় বগুড়ায় তিন পরিবহন শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স¤প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচ জন নিহত হলে সড়ক ব্যবস্থা নিয়ে দেশে সমালোচনা চলছে। পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের চাপে অদক্ষদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এ কারণে দুর্ঘটনা বাড়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বগুড়া প্রতিনিধি জানান, সকালে ঢাকা থেকে শহরের সাতমাথার মোড়ে পত্রিকা এসে পৌঁছানোর পর পরই পরিবহন শ্রমিকরা তা নামাতে বাধা দেয়। পরে পত্রিকা নামালেও পরিবহন শ্রমিক নেতারা ঘোষণা দেয় তাদের পরিবহনে করে কোনো পত্রিকা জেলা থেকে উপজেলায় যাবে না। শহরের সংবাদপত্র এজেন্ট স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই অবস্থায় গোপনে কিছু পত্রিকা উপজেলাগুলোতে পাঠানো গেলেও সব উপজেলায় তা পৌঁছানো যায়নি। শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে পত্রিকা বিক্রিতেও বাধা দেয়। তিনি জানান, স্থানীয় একটি পত্রিকা তাদের নিজস্ব পরিবহনে উপজেলায় পত্রিকা পৌঁছে দিয়েছে। এদিকে বগুড়া শহরের কাঁঠালতলী এলাকায় রিপন (২৪) নামে এক পরিবহন নেতার দোকান থেকে বিভিন্ন ধরনের নয় হাজার কপি সংবাদপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ রিপনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোহন মোল্লা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সদর থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার আসামিরা হলেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এনাম (২৩), সাইফুল (২৮) ও রিপন (২৪)। রিপনের দোকান থেকে সংবাদপত্র উদ্ধারের কথাও তিনি স্বীকার করেন। থানায় রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি একজন পুরাতন কাগজ ব্যবসায়ী। শহরের কাঁঠালতলী এলাকায় তার দোকান আছে। তাই তিনি এই সংবাদপত্রগুলো কিনেছেন। নীলফামারী জেলার পত্রিকা এজেন্ট এবং সাংবাদিক মোশারফ হোসেন জানান, পরিবহন শ্রমিকদের বাধার মুখে মাত্র চারটি দৈনিক ছাড়া অন্য কোনো পত্রিকা নীলফামারীতে আসেনি। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরের খবর এর সম্পাদক আব্দুস ছালাম বাবু জানান, স্থানীয় কয়েকটি পত্রিকা কেন্দ্রীয় বাস টার্মিনালে মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা কেড়ে নেয়। কোনো পাবলিক বাসে পত্রিকা পরিবহন করতে দেওয়া হয়নি। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মণ্ডল সংবাদপত্র পরিবহনে বাধা দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, নৌ-পরিবহন মন্ত্রী ও তাদের সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহাজান খান ও মানিকগঞ্জে বাস দুর্ঘটনায় গ্রেপ্তারকৃত বাস চালক জামির হোসেনকে ঘাতক বলায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান, সমস্যাটি কেন্দ্রীয়ভাবে সমাধানের জন্য জানানো হয়েছে। ধুনটের প্রত্যন্ত এলাকা যমুনার বৈশাখী চরের সিরাজ মাস্টার জানান, নির্জন চরে বসে দেশের খবর জানতে স্থানীয় ও জাতীয় পত্রিকার দিকে চেয়ে থাকতে হয়। একটি পত্রিকা এক সাথে ১৫/২০জন বসে খবর পড়ে। কিন্তু সোমবার কোনো পত্রিকা যায়নি। মাদারীপুর প্রতিনিধি জানান, ভোরে মাদারীপুরের পরিবহন শ্রমিকরা এজেন্ট ও হকারের কাছ থেকে কিছু পত্রিকা ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া হকার ও এজেন্টদের পত্রিকা বিক্রিতেও বাধা দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেরও কার্যকরী সভাপতি। স্থানীয় হকার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মহাসড়কের মস্তফাপুরে গাড়ি থেকে পত্রিকা নামার পর পরিবহন শ্রমিকরা শহরে পত্রিকা পাঠাতে বাধা দেয়। গোপনে মাদারীপুরে পত্রিকার কয়েকটি প্যাকেট পাঠানোর পরে মস্তফাপুর বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা অন্য প্যাকেটগুলো আটকে রাখে বলে জানান জাকির। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ডে প্রথম আলো পত্রিকা ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় পরিবহন শ্রমিকরা। এছাড়া পত্রিকার হকার ইলিয়াস ও শহিদুল্লাহর কাছ থেকে প্রথম আলোর সকল কপি ছিনিয়ে নেওয়া হয় বলে জানান জাকির। মাদারীপুরের সংবাদপত্র ব্যবসায়ী ওমর আলী শিকদার জানান, পত্রিকার হকারদের কাছ থেকে শ্রমিকরা পত্রিকা ছিনিয়ে নিয়েছে। প্রথম আলো বিক্রি না করতে তারা হুমকি দেয়। "সড়ক পরিবহন শ্রমিক নেতা ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে সংবাদ ও কার্টুন প্রকাশ করায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে শ্রমিকরা ঘোষণা দেয়"- বলেন ওমর আলী শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১২৯ ঘ.