খাগড়াছড়ি, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির পানছড়ি থেকে অপহরণের চার ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে টেলিটকের দুই কর্মকর্তাসহ অপহৃত ছয় জনকে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) আল মাসুদ মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে পানছড়ি কলেজের কাছ থেকে তাদের উদ্ধার করে।"
তবে অপহরণকারীদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না- তাৎক্ষণিকভাবে তা জানাতে চাননি তিনি।
এর আগে বেলা ১১টার দিকে পানছাড়ির লতিবান সেতু এলাকা থেকে দুই কর্মকর্তাসহ ওই ছয় জন অপহৃত হন। অপহৃতরা হলেন- টেলিটকের বিপণন কর্মকর্তা মো. আহসান হোসেন তপু, প্রকৌশলী রজত বড়–য়া, স্টাফ মো. আজিজুল হক, তারেক আহমেদ চৌধুরী, বিপণন প্রতিনিধি নুর মোহম্মদ এবং গাড়িচালক আরিফ হোসেন।
টাওয়ার বসানোর কাজে যাওয়ার পথে মাঝপথে তাদের অপহরণ করা হয়। তবে কারা অপহরণ করেছে, তা জানা যায়নি।
এক যুগ আগে শান্তি চুক্তি সইয়ের আওতায় পাহাড়িরা অস্ত্র সমর্পণের পর পার্বত্য চট্টগ্রামে অপহরণের মতো ঘটনাগুলো কমে আসে। তবে এর মধ্যে ২০০৮ সালের ফেব্র"য়ারিতে এক ব্র্যাক কর্মকর্তা অপহৃত হন রাঙামাটিতে। পাঁচ দিন পর ছাড়া পান তিনি।
২০০৭ সালে ডানিডার এক কর্মকর্তা অপহৃত হন বান্দরবানে, বেশ কিছু দিন পর ছাড়া পান তিনি। গত বছর ও চলতি বছর বান্দরবানে কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছিলো। তবে তারা সবাই পরে ছাড়া পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এএল/১৮২৫ ঘ.
bdnews24