২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাকে হত্যার জন্য গ্রেনেড হামলা'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা থেকে তাকে রক্ষা করায় দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 06:25 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলা থেকে তাকে রক্ষা করায় দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শনিবার এক বাণীতে ২১ অগাস্টকে কলঙ্কময় দিন হিসেবেও অভিহিত করেন। তিনি বলেন, "২০০৪ সালের এই দিনে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় বর্বরতম গ্রেনেড হামলা।" "বৃষ্টির মতো গ্রেনেড হামলার মধ্যেও আমাদের নেতা-কর্মীরা মানববর্ম রচনা করে সেদিন আমাকে রক্ষা করেন। আল্লাহ্তা'লার অশেষ রহমত ও জনগণের দোয়ায় আমি সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যাই।" ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ দলের ২৪ জন নেতা-কর্মী নিহত হওয়ার কথা স্মরণ করেসবার আত্মার শান্তি কামনা করেন। শেখ হাসিনা বলেন, "২১ অগাস্টের গ্রেনেড হামলার লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বকে চিরস্থায়ী করা। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করে দেওয়া।" "তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে," উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "হামলাকারীদের পালিয়ে যাওয়াার সুযোগ করে দেয়। সব আলামত ধ্বংস করা হয়। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়।" "আমরা চাই, হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হোক," যোগ করেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩২০ ঘ.