ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নজিরবিহীন এক গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান হারিয়েছিলেন তার স্ত্রীকে, স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রীয়। ওই গ্রেনেড হামলার সাত বছর পূর্ণ হচ্ছে রোববার।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে সমাবেশে ওই গ্রেনেড হামলা চালানো হয়। হামলার ধরন ও প্রচণ্ডতা থেকে এটাও স্পষ্ট হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যা করাই ছিলো ওই গ্রেনেড ও গুলিবর্ষণের উদ্দেশ্য।
শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়। স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় শেখ হাসিনার শ্রবণ ইন্দ্রীয়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বন্ধুপ্রতিম সব রাষ্ট্র এ হামলায় নিন্দা জানায়।
হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য চারদলীয় জোট সরকারের সময়ে জজ মিয়ার নাটক সাজানো হয়। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান।
গত ৩ জুলাই তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে দেয় সিআইডি।
মামলার মোট ৫২ আসামির মধ্যে পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখশ চৌধুরী এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আদালতে আত্মসমর্পণ করেছেন।
দিবসটি উপলক্ষে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা রোববার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও ইফতার করবেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকাল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
হাসিনাকে ঘিরে তাদের মানববর্ম
সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশে শোভাযাত্রার আগে সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার ঠিক আগে উপর্যুপরি গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সেদিন আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু এভিনিউ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে ধানমন্ডির রাসেল স্কোয়ারে। বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে পূর্ণ হয়ে যায়।
আগে থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ের মাঝখানে একটি ট্রাক এনে মঞ্চ তৈরি করা হয়। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বিকাল ৫টার কিছুক্ষণ আগে শেখ হাসিনা আসেন। বক্তৃতা শুরু করলেন অল্প কিছুক্ষণের মধ্যেই। বঙ্গবন্ধু এভিনিউ তখন লোকে লোকারণ্য।
শেখ হাসিনা তার বক্তৃতা শেষ করে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' বলে শেষ করার আগেই পরপর দু'টি বিস্ফোরণের আওয়াজ। কান ফাটানো শব্দ। এরপরই বিকট শব্দে গ্রেনেড বিষ্ফোরণ শুরু হয়। বিকট শব্দের মধ্যে কিছু গুলির আওয়াজও শোনা যায়।
ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আর দলীয় নেতা-কর্মীরা নিজের প্রাণ তুচ্ছ করে মানববর্ম তৈরি করে আগলে রেখেছিলেন শেখ হাসিনাকে। তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা তাকে তার বুলেটপ্র"ফ গাড়িতে তুলে ধানমন্ডির সুধা সদনে নিয়ে যান।
এর মধ্যেই আহতদের উদ্ধার না করে পুলিশ টিয়ার গ্যাস মারতে শুরু করে।
একের পর এক গ্রেনেড বিস্ফোরণে রক্তে ভেসে যায় রাজপথ। রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাথমিক ধাক্কা সামলে ওঠার পর দেশজুড়ে ওঠে ক্ষোভ ও নিন্দার ঝড়।
গ্রেনেডের স্পিন্টারে আহত হন আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতাসহ পাঁচ শতাধিক কর্মী-সমর্থক ও অন্য মানুষ। স্থায়ীভাবে পঙ্গু হন শতাধিক ব্যক্তি। আহত হন ছয় জন সাংবাদিক।
হামলার লক্ষ্য ছিলেন শেখ হাসিনা
গ্রেনেড হামলার পর সরকারের পক্ষ থেকে বিচারপতি জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে।
ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বেসরকারি তদন্ত কমিটিও একটি প্রতিবেদন দিয়েছিল। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার লক্ষ্য ছিলেন শেখ হাসিনা।
দেশীয় গোয়েন্দা সংস্থাগুলো ছাড়াও মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই), আন্তর্জাতিক পুলিশ (ইন্টারপোল) চাঞ্চল্যকর এ হামলার তদন্তে দু'দফায় ঢাকা আসে। তবে তারা তদন্ত শেষ না করেই ফিরে যান।
অভিযোগ রয়েছে, দেশীয় গোয়েন্দা সংস্থাগুলোর অসহযোগিতার কারণেই আন্তর্জাতিক এই সংস্থাগুলো গ্রেনেড হামলার তদন্তে তেমন কিছু করতে পারেনি।
হামলায় যারা প্রাণ হারান
২১ আগস্টের হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোস্তাক আহমেদ সেন্টু, শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্য ল্যান্স কর্পোরাল (অব.) মাহবুবুর রশীদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম (সকলের কাছে তিনি আদা চাচা নামেই বেশি পরিচিত ছিলেন), মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া বেগম, মাদারীপুরের যুবলীগ নেতা লিটন মুন্সী ওরফে লিটু, নারায়ণগঞ্জের রতন সিকদার, মহানগর রিকশা শ্রমিক লীগ নেতা মো. হানিফ, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মমতাজ রীনা, সরকারি কবি নজরুল ইসলাম কলেজের ™ি^তীয় বর্ষের ছাত্র মামুন মৃধা, ঢাকা মহানগর যুবলীগ নেতা বেলাল হোসেন, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ কর্মী আবদুল কুদ্দুস পাটোয়ারী, যুবলীগ নেতা আতিক সরকার, শ্রমিকলীগ কর্মী নাসির উদ্দিন সর্দার, স্বেচ্ছাসেবকলীগ নেত্রী রেজিয়া বেগম, আবুল কাসেম, জাহেদ আলী, মমিন আলী, যুবলীগ নেতা শামসুদ্দিন আবুল কালাম আজাদ এবং ইছহাক মিয়া
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৫০ ঘ.
bdnews24