২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেক্ট্রনিক ভোটিংয়ের নতুন যন্ত্র বানিয়েছে আইডিইবি

ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণের উপযোগী যন্ত্র তৈরি করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 04:31 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেকট্রনিক পদ্ধতিতে ভোটগ্রহণের উপযোগী যন্ত্র তৈরি করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে আইডিইবির পক্ষ থেকে দাবি করা হয়, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বদলে ভিসিসি (ভোট কাস্টিং এ্যান্ড কাউন্টিং) ব্যবহারে খরচ কম পড়বে এবং ভোটে স্বচ্ছতা নিশ্চিত হবে। আইডিইবি ভবন কনফারেন্স হলে আইডিইবি সদস্য গবেষক এম এ মজিদ উদ্ভাবিত ইভিএম মেশিনের ব্যবহার বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সংস্থাটি। রোববার নির্বাচন কমিশনকে এ যন্ত্রের কার্যক্রম দেখানোর কথা রয়েছে তাদের। নির্বাচন কমিশন স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে ইভিএম ব্যবহার করেছে। আগামীতে বড় পরিসরে এ প্রযুক্তি ব্যবহারে রাজনৈতিক দলসহ সবার মতামত নিচ্ছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউট (আইআইসিটি) ইভিএম প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) তা সাজানোর কাজ করছে। মজিদ জানান, একটি ভিসিসির মাধ্যমে প্রতিটি বুথে ৯৯৯ জনের ভোট গ্রহণ সম্ভব হবে। বিদ্যুৎ ছাড়া শুধু ১২ ভোল্টের রিচার্জেবল ব্যাটারিতে এ যন্ত্র ৭২ ঘণ্টা ব্যবহার করা যাবে। মেশিন তৈরিতে খরচ হবে আট থেকে ১০ হাজার টাকা। এই যন্ত্রে ভোট দেওয়ার পাশাপাশি ভোট গণনার কাজও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানান তিনি। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেশিনের ডিসপ্লে সুইচ চাপলে বিভিন্ন প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা বেরিয়ে আসবে উল্লেখ করে তিনি জানান, এই মেশিন সহজে গ্রহণযোগ্য এবং স্বয়ংক্রিয়। এ মেশিনের জন্য বিশেষভাবে তৈরি আইডি কার্ড ব্যবহার করা হলে জাল ভোট দেওয়ার সুযোগ থাকবে না। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. শামসুর রহমান জানান। সংগঠনের সভাপতি ইঞ্জি. এ কে এম এ হামিদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০২ ঘ.