২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভূয়া চিকিৎসকের ২ বছর কারাদণ্ড

রাজধানীর মিরপুরে এক ভূয়া চিকিৎসককে দুই বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- রাজধানীর মিরপুরে এক ভূয়া চিকিৎসককে দুই বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গোলাম কিবরিয়া (৪৫) নামে ওই ভূয়া চিকিৎসককে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ এর ৭ নম্বর রোডের ১ নম্বর বাড়ির চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর উপ-পরিচালক মো. শাখাওয়াত আলী এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার মো. আরমান হোসাইন। র‌্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, ২০০৩ সালের ফেব্র"য়ারিতে ভারতে গিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে কলিকাতার চৌরঙ্গী রোড থেকে জাল এম বি বি এস ও এম ডি ডিগ্রীর দুটি সনদ কেনেন কিবরিয়া। "উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে একটি ওষুধের দোকানে ওষুধ বিক্রির কাজ করে তিনি ওষুধ সম্পর্কে ধারণা পান।" তিনি জানান, জাল সনদ ও ওষুধ সম্পর্কে ধারণাকে পুঁজি করে ২০০৮ সালে মিরপুরের পিসি ল্যাব নামে ডায়াগনস্টিক সেন্টার চালু করেন কিবরিয়া। ২০০৯ সালের ১৮ জানুয়ারি একবার পিসি ল্যাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো বলেও জানান ম্যাজিস্ট্রেট পাশা। "তিনি আর এ প্রতারণা করবেন না বলে মুচলেকা দেওয়ায় জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছুদিন পর কিবরিয়া আবার ব্যবসা শুরু করে এবং মানুষের সঙ্গে প্রতারণা শুরু করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২০৪০ ঘ.